ভারতীয় পেসারকে শাস্তি দিল আইসিসি

নারী এশিয়া কাপ
ক্রান্তি গাউদ
ক্রান্তি গাউদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটার ইমেশা দুলানিকে আউট করে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করে উদ্‌যাপন করেছিলেন ভারতের পেসার ক্রান্তি গাউদ। এই আচরণের কারণেই তাকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি নিশ্চিত করেছে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। রবিবার ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। ভারত আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৮৪ রানের লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে দুলানিকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেন ভারতীয় পেসার ক্রান্তি।

এর ফলে তিনি আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় স্পষ্ট বলা আগে আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটারকে আউট করে এমন ভাষা, আচরণ ও অঙ্গভঙ্গি করা যাবে না যা ব্যাটারকে হেয় প্রতিপন্ন করে বা তার আক্রমণাত্মক মানসিকতা উসকে দিতে পারে। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম ক্রান্তি এমন অপরাধ করেছেন।

মাঠের আম্পায়ার সালীমা ইমতিয়াজ ও শাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার হুমাইরা ফারাহ ক্রান্তির বিরুদ্ধে অভিযোগ আনেন। লেভেল-১-এর অপরাধে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেয়া হয়। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।

এদিকে এশিয়া কাপের সেমিফাইনালে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে পাকিস্তান নারী দলকেও। শ্রীলঙ্কার বিপক্ষে গত শুক্রবারের সেমিফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছিল পাকিস্তান। নির্ধারিত সময়ের পরও তারা এক ওভার পিছিয়ে ছিল বলে জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে।

এ কারণে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরো পড়ুন: