নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি সারতে কাউন্টিতে পেসার পাঠাচ্ছে ভারত

ভারত ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট ড্র করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে চাপে পড়েছে ভারত। সামনে নিউজিল্যান্ড সিরিজ, তাই পেস আক্রমণ আরও শক্তিশালী করতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। এর অংশ হিসেবে তরুণ পেসার আকিব নবিকে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

গত রঞ্জি ট্রফিতে ৬০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আকিব। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের কোনোটিতেই সুযোগ পাননি তিনি। সিরিজ শেষে মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণাকে বিশ্রাম দেয়া হয়েছে। অন্যদিকে গুরনুর ব্রার দলীপ ট্রফিতে খেলবেন।

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল পরিচালনা সমিতি। গুরনুর খেলবে দলীপ ট্রফিতে। ইতোমধ্যেই আর্শদীপ সিং ও আংশুল কাম্বোজ রয়েছে দলে। তাই বোর্ড চাইছে আকিব যেন ইংল্যান্ডে অন্তত দুই-তিনটি লাল বলের ম্যাচ খেলার সুযোগ পায়। এতে তার অভিজ্ঞতা বাড়বে।’

কাউন্টি দল সারে একজন সুইং বোলার খুঁজছে। তাই তাদের হয়ে আকিবের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। সারের কর্মকর্তা ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালেক স্টুয়ার্ট এ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে কথাও বলেছেন বলে জানা গেছে।

নিউজিল্যান্ডের কন্ডিশন ইংল্যান্ডের চেয়ে আলাদা হলেও আকিবকে দলের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে পরিবেশ একটু আলাদা হবে। তবে আকিব নিশ্চিতভাবেই দলের ভাবনায় থাকবে। গুরনুর যখন দলীপ ট্রফিতে খেলবে, তখন আকিবও যদি কাউন্টিতে খেলার সুযোগ পায়, তাহলে ম্যাচের মধ্যেই থাকবে।’

আকিবের ইংল্যান্ডে যাওয়ার প্রক্রিয়াও শুরু করেছে বিসিসিআই। সূত্রটি আরও বলেন, ‘বোর্ড তার ভিসার ব্যবস্থা করার চেষ্টা করছে। দেশে ফিরেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারে আকিব।’

আরো পড়ুন: