‘পিছিয়ে থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত’

ভারতীয় ক্রিকেট
রাহুল দ্রাবিড়, ফাইল ছবি
রাহুল দ্রাবিড়, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ শুরু করার পর ভারতের সামনে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে শুরুটা ভালো হয়নি তাদের। বর্তমান পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকলেও রাহুল দ্রাবিড় মনে করেন, ভারতকে এখনই হিসাবের বাইরে রাখা যাবে না। দলের মান ও সামর্থ্যের ওপর আস্থা রেখে সাবেক এই কোচের বিশ্বাস, কঠিন পথ পেরিয়ে ভারত ফাইনালে জায়গা করে নিতে পারে।

গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে ১২ পয়েন্ট পেয়েছে ভারত। ১০ টেস্টে তাদের পয়েন্ট এখন ৬৪, যা মোট পয়েন্টের ৫৩.৩৩ শতাংশ। চলমান আসরে আরও সাতটি টেস্ট খেলবে ভারত। অর্থাৎ ফাইনালে ওঠার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ এখনো যথেষ্ট আছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিও হটস্টারকে দ্রাবিড় বলেন, ‘আমি আশা করছি তারা পারবে। এখান থেকে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যাত্রাটা দারুণ হবে। তারা একটু পিছিয়ে পড়েছে ঠিকই, কিন্তু ভারতীয় দলে যে মানের ক্রিকেটার আছে, তাতে কোনো পর্যায়েই তাদের হিসাবের বাইরে রাখা যায় না। শ্রীলঙ্কার বিপক্ষে তারা ভালোভাবে শুরু করেছে, এটিই এখন ভালো প্রথম ধাপ।’

তবে সামনে ভারতের জন্য অপেক্ষা করছে কঠিন দুটি পরীক্ষা। নভেম্বরে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে ভারত। এরপর জানুয়ারি থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফি। বিশেষ করে নিউজিল্যান্ডের কন্ডিশনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দ্রাবিড়। তরুণ ভারতীয় ক্রিকেটারদের অনেকেই সেখানে খেলেননি, ফলে সফরটি তাদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হতে পারে।

এ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে খেলা সব সময়ই চ্যালেঞ্জের। ঘরের মাঠের বাইরে তারা কঠিন প্রতিপক্ষ। ভারতের অনেক তরুণ ক্রিকেটার এখনো ওই কন্ডিশনে খেলেনি। তাই এটি বড় একটি পরীক্ষা হতে যাচ্ছে।’

শুধু কন্ডিশনই নয়, অভিজ্ঞতার ঘাটতিও ভাবাচ্ছে দ্রাবিড়কে। বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা এখন টেস্ট দলে নেই। ফলে তরুণদের ওপরই বড় দায়িত্ব থাকবে। একই সঙ্গে পুরো দলকে চোটমুক্ত রাখার ওপরও জোর দিয়েছেন ভারতের সাবেক এই কোচ।

সামনের বড় সিরিজগুলোতে সিনিয়র খেলোয়াড়দের অভাব অনুভব করবেন উল্লেখ করে দ্রাবিড় বলেন, ‘আশা করি আগামী কয়েক মাসে দলের ক্রিকেটাররা ফিট থাকবে এবং খুব বেশি চোটে পড়বে না। আমরা বিরাট, রোহিত, রাহানে ও পূজারার অভিজ্ঞতা মিস করছি। ভারত সর্বশেষ নিউজিল্যান্ডে যখন খেলেছিল, তখন এ ধরনের ক্রিকেটাররাই সেখানে ছিলেন। তাই এবারের সিরিজটি বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে।’

এরপরই ভারতের সামনে আসবে অস্ট্রেলিয়া পরীক্ষা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজটি শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের দিক থেকেই নয়, ভারতের জন্য বড় এক সুযোগ হিসেবেও দেখছেন দ্রাবিড়। ২০০৪ সালের পর ভারতে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেই খরা কাটাতে প্যাট কামিন্সের দল এবার মরিয়া থাকবে বলেই মনে করেন তিনি।

বোর্ডার-গাভাস্কার সিরিজ নিয়ে দ্রাবিড় বলেন, ‘অস্ট্রেলিয়ার সিরিজটি সত্যিই রোমাঞ্চকর হবে। তাদের অনেক ক্রিকেটারই ভারতে ভালো করতে মরিয়া থাকবে। এটি সত্যিকারের দুর্দান্ত এক অস্ট্রেলিয়ান প্রজন্ম, দুর্দান্ত একটি দল, যারা এখনো ভারতে সিরিজ জিততে পারেনি। তাই এবার তারা সেটি করতে খুবই আগ্রহী থাকবে।’

আরো পড়ুন: