১২ বছর পর স্কুলের বিরুদ্ধে মামলা কনকাশনে ক্যারিয়ার হারানো পুকোভস্কির

অস্ট্রেলিয়া ক্রিকেট
উইল পুকোভস্কি, ফাইল ফটো
উইল পুকোভস্কি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাত্র ২৭ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ব্যাটার উইল পুকোভস্কিকে। একের পর এক মাথায় আঘাতের ধাক্কায় থেমে যায় তার সম্ভাবনাময় ক্যারিয়ার। এবার সেই পথচলার প্রথম বড় ধাক্কার জন্য সাবেক স্কুল ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি।

২০১৪ সালে স্কুলের অসি রুলস ফুটবল অনুশীলনে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন পুকোভস্কি। আইনজীবীদের দাবি, ওই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব পালনে চরম অবহেলা করে। মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে যাওয়ার পরও জ্ঞান ফেরার কয়েক মিনিটের মধ্যে তাকে আবার অনুশীলনে নামানো হয়েছিল।

সেই দিনের কথা স্মরণ করে পুকোভস্কি বলেন, 'আঘাত পাওয়ার পর আমাকে বাউন্ডারি লাইনে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর শুধু মনে আছে কোচ এসে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি অনুশীলন চালিয়ে যেতে চাও?’ আমি বললাম, ‘হ্যাঁ’। এরপর পুরো দিন অনুশীলন করে গেলাম। অদ্ভুত শোনালেও ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে অভিশপ্ত দিন।'

ওই ঘটনার পরদিন থেকেই চোখে ঝাপসা দেখা শুরু হয় পুকোভস্কির। এক সপ্তাহ পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি মাসের পর মাস স্কুলেও যেতে পারেননি তিনি। সেই প্রথম আঘাতের পর ক্রিকেট ক্যারিয়ারে মোট ১৩ বার মাথায় আঘাত পান অস্ট্রেলিয়ার এই ব্যাটার।

২০১৯ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকেই প্রথম ইনিংসে ৬২ রান করে নিজের আগমনের জানান দিয়েছিলেন পুকোভস্কি। তবে বারবার মাথায় আঘাতের কারণে ক্যারিয়ার এগিয়ে নিতে পারেননি তিনি। ২০২৪ সালের মার্চে শেফিল্ড শিল্ডের ম্যাচে রাইলি মেরেডিথের বাউন্সার মাথায় লাগার পর চিকিৎসকদের পরামর্শে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হন।

চিকিৎসকদের সতর্কবার্তা, কিশোর বয়সে মস্তিষ্কের পূর্ণ বিকাশ না হওয়ায় মাথায় আঘাতের ঝুঁকি অনেক বেশি। যথাযথ ব্যবস্থা না নিলে এমন আঘাত দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। পুকোভস্কির মামলাও তাই কিশোর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরো পড়ুন: