রাহানের মতে, টেস্ট ক্রিকেটে সাফল্যের জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি অপরিহার্য। কিন্তু গত কয়েক বছরে সেই ভারসাম্য নষ্ট হয়েছে বলেই মনে করেন তিনি। তার ভাষ্য, তরুণদের সুযোগ দেয়া প্রয়োজন হলেও অভিজ্ঞদের যথাযথ মূল্যায়ন না করায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাহানে বলেন, 'আমার এখনও মনে হয়, টেস্ট দলে সাত থেকে আটজন অভিজ্ঞ ক্রিকেটার থাকা উচিত। দুই থেকে তিনজন তরুণ ক্রিকেটার হলেই চলে। কিন্তু গত কয়েক বছরে আমরা তার উল্টো চিত্র দেখেছি। টেস্টে অভিজ্ঞ ক্রিকেটারই সবচেয়ে বেশি প্রয়োজন।'
ভারতের সাম্প্রতিক ফলাফলকে নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তিনি। ঘরের মাঠে একের পর এক সিরিজ হার, বিদেশ সফরে ব্যর্থতা এবং শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ার জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের অবহেলাকেই অন্যতম কারণ হিসেবে দেখছেন এই ডানহাতি ব্যাটার।
রাহানে বলেন, 'অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে দেখুন। দীর্ঘ পরিসর ও এক দিনের দলে তারা অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর আস্থা রাখে। আমরা তা করিনি। বিশেষ করে গত দুই থেকে তিন বছরে। অভিজ্ঞ ক্রিকেটারদের সম্মান করুন। তারা সেই সম্মানেরই যোগ্য।'
বর্তমান ভারতীয় দলে মানসিক দৃঢ়তার অভাবও দেখছেন রাহানে। তিনি বলেন, 'ঘরে বসে একের পর এক সিরিজে ভারতের হার দেখতে দেখতে হতাশ হয়ে গিয়েছি। আমার মনে হয়, দীর্ঘ পরিসর ও এক দিনের ক্রিকেটে দারুণ চরিত্র, মানসিক শক্তি ও দৃঢ়তা প্রয়োজন। এই দলে সেটার অভাব আছে। আমি কারও নাম বলতে চাই না, তবে এর দায় কাউকে না কাউকে নিতেই হবে।'