বাংলাদেশ সিরিজের আগে ইংলিসের চোট

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
জস ইংলিস
জস ইংলিস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির প্রথম দিনেই ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অনুশীলনের সময় পিঠে টান অনুভব করে মাঠ ছাড়তে হয়েছে উইকেটকিপার ব্যাটার জশ ইংলিসকে। চলতি বছরের জানুয়ারিতে সিডনি টেস্টের পর এই প্রথম লাল বলের ক্রিকেটে ফিরেছে প্যাট কামিন্সের দল।

বাংলাদেশ সিরিজকে সামনে রেখে সোমবার থেকে তাদের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়। অবশ্য ইংলিসের চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ দেখছে না অস্ট্রেলিয়া। স্থানীয় সংবাদমাধ্যম কোড স্পোর্টস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।

সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়কত্ব করেছিলেন ইংলিস। গত গ্রীষ্মে অ্যাশেজ সিরিজেও দুটি টেস্ট খেলেছেন তিনি। তবে পিঠের সমস্যার ইতিহাস থাকায় তাকে নিয়ে সতর্ক থাকছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। অনুশীলন ম্যাচে ইংলিস করেন মাত্র ৮ রান।

যদিও ডারউইন টেস্টে তার খেলার সম্ভাবনা এমনিতেই কম। অজিদের মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন, বেউ ওয়েবস্টার এবং উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে খেলানোর পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার। ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছেন মার্নাস ল্যাবুশেন। গত সপ্তাহেই প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছিলেন, ল্যাবুশেনের বড় ইনিংস প্রয়োজন।

সেই লক্ষ্যেই অনুশীলনে ৬২ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি। এর ফলে দলের অন্য ব্যাটাররাও ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ওপেনার জেক ওয়েদারাল্ড করেন ৫২ রান। পরে তাকে স্টাম্পিং করেন অ্যালেক্স ক্যারি। আর উইকেটটি পান অফ স্পিনার নাথান লায়ন। গত ডিসেম্বরে অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে পড়া লায়নের জন্যও দিনটি ছিল স্বস্তির।

প্রত্যাবর্তনের অনুশীলনেই তিনি তুলে নেন তিনটি উইকেট। এদিকে অস্ট্রেলিয়ার চার প্রধান পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ডও প্রত্যেকে ১০ ওভার করে বোলিং করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

আরো পড়ুন: