পাকিস্তানের স্থায়ী ব্যাটিং কোচ হতে যাচ্ছেন স্মিথ

পাকিস্তান ক্রিকেট
মাইক স্মিথ
মাইক স্মিথ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। ব্যাটিং কোচ হিসেবে সাবেক সাউথ আফ্রিকার প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার ও মুলতান সুলতানসের সাবেক সহকারী কোচ মাইক স্মিথকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার একাধিক পাকিস্তানি গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরের শুরু থেকেই স্থায়ী ব্যাটিং কোচ খুঁজছিল পিসিবি। দ্রুতই স্মিথের নিয়োগের ব্যাপারে বিস্তারিত ঘোষণা করবে পিসিবি।

লেভেল ফোর কোচিংয়ের সার্টিফিকেট রয়েছে স্মিথের। এরই মধ্যে তিনি কোচ হিসেবে সুনাম কুড়িয়েছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের কোচিং স্টাফে কাজ করায় পাকিস্তানের ক্রিকেট কাঠামো সম্পর্কেও তার ভালো ধারণা রয়েছে।

গত মে মাসে স্থায়ী ব্যাটিং কোচের জন্য সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিসিবি। সেই অনুযায়ী ৭ জুন আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে। সেখান থেকেই প্রার্থীদের মূল্যায়ন করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে বোর্ড। সেই প্রক্রিয়ার শেষ ধাপেই রয়েছেন স্মিথ।

নিয়োগ চূড়ান্ত হলে চলতি মাসেই ইংল্যান্ড সফরের আগে দায়িত্ব বুঝে নেবেন তিনি। ২০২৬ সালের এপ্রিল থেকে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সাবেক ব্যাটার আসাদ শফিক। টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের কোচিং স্টাফের সদস্য হিসেবে তিনি এই দায়িত্ব পালন করে আসছেন।

সামনেই পাকিস্তান দলের ইংল্যান্ড সফর রয়েছে। সিরিজটি শুরু হবে ১৯ আগস্ট থেকে। সিরিজের ভেন্যু করা হয়েছে হেডিংলি। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৭ থেকে লর্ডসে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ও শেষ টেস্ট ৯ থেকে ১৩ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত হবে।