রেড্ডির বিরুদ্ধে আনা অভিযোগগুলো ২০২৫ সালের আবুধাবি টি-টেন টুর্নামেন্টকে ঘিরে। ওই আসরে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিযুক্ত দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিল আইসিসি। ২০২৫ সালের ২১ নভেম্বর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। চূড়ান্ত শাস্তির মেয়াদও ওই দিন থেকেই কার্যকর ধরা হয়েছে।
প্রায় নয় মাস ধরে চলা তদন্ত ও শুনানি শেষে আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত বলে রায় দেয়। এর ফলে নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
আইসিসির তদন্তে প্রমাণিত হয়েছে, রেড্ডি ম্যাচের ফল, অগ্রগতি বা অন্যান্য বিষয় অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এ ছাড়া একই অপরাধে অন্য এক খেলোয়াড়কে প্ররোচিত করারও অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে তদন্তে বাধা দেওয়ার দায়েও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
আইসিসির দুর্নীতি দমন বিধির ২.১.১, ২.১.৪ এবং ২.৪.৭ ধারা ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। সাক্ষী ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের পরিচয় গোপন রাখতে ট্রাইব্যুনালের প্রকাশিত রায়ের কিছু অংশ গোপন রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের হয়ে চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বোদুগুম আকিলেশ রেড্ডি। নর্থ আমেরিকা টি-টোয়েন্টি কাপে কেম্যান আইল্যান্ডসের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার। আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি উইকেটও রয়েছে তার নামের পাশে।