শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট সিরিজের প্রস্তুতিতে ধাক্কা

শ্রীলঙ্কা-ভারত সিরিজ
ভারত দল, ফাইল ফটো
ভারত দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতের প্রস্তুতি ম্যাচের সময় কমিয়ে দেয়া হয়েছে। চার দিনের পরিবর্তে এখন তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।

আগামী ৭ থেকে ৯ আগস্ট কলম্বোর নন্দেস্ক্রিপটস ক্রিকেট ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আগে এই প্রস্তুতি ম্যাচ চার দিনের হওয়ার কথা থাকলেও, কেন সময় কমানো হয়েছে সে বিষয়ে কোনো কারণ জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট।

শ্রীলঙ্কা ক্রিকেটের এক বিবৃতিতে বলা হয়েছে, 'চার দিনের পরিবর্তে ভারতীয় দল তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর নন্দেস্ক্রিপটস ক্রিকেট ক্লাবের মাঠে। এরপর ১৫ থেকে ১৯ আগস্ট গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট হবে ২৩ থেকে ২৭ আগস্ট কলম্বোয়।'

ভারত দল ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছিল, টেস্ট সিরিজের আগে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। তবে শেষ মুহূর্তে সেই ম্যাচের দৈর্ঘ্য এক দিন কমিয়ে দেয়া হয়েছে। এতে টেস্ট সিরিজের আগে ভারতের প্রস্তুতি কিছুটা বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ৪ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা ভারতীয় দলের। সফরে দুই দলের মধ্যে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে নিজেদের মানিয়ে নিতে এই প্রস্তুতি ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছিল ভারত।

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়ায় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে ভারত। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজটি দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: