নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ক্রিকেট থেকে অবসর নেন স্টোকস। এরপরই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আবার রুটের হাতে টেস্ট দলের নেতৃত্ব তুলে দেয়। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন রুট। তবে সেই সময় ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পরে ব্রেন্ডন ম্যাককালাম ও রব কি দায়িত্ব নেওয়ার পরই দল নতুন পথ খুঁজে পায়।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বুচার বলেন, 'বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালাম ও রব কি এসেছিলেন জো রুটের প্রথম অধিনায়কত্বের প্রতিক্রিয়া হিসেবে। রুটের নেতৃত্বে ১৭টি টেস্টে মাত্র একটি জয় পাওয়ার পরই টেস্ট ক্রিকেটে আমাদের খেলার ধরন পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।'
রুটকে আবার নেতৃত্বে ফেরানোর আরেকটি দিক নিয়েও উদ্বিগ্ন বুচার। তার বিশ্বাস, অধিনায়কত্বের চাপ আবারও রুটের ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অথচ নেতৃত্ব ছাড়ার পরই ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলেন ইংলিশ এই ব্যাটার।
এ প্রসঙ্গে বুচার বলেন, 'অধিনায়কত্ব ছেড়ে দেওয়াটাই তার এবং তার ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো ঘটনা ছিল। এরপর থেকে তার ব্যাটিং সম্পূর্ণ অন্য এক উচ্চতায় পৌঁছেছে। আমি বরং আশা করেছিলাম, সেটাই চলতে থাকবে এবং স্থায়ী অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুক বা যাকেই বেছে নেওয়া হোক, রুট তার নির্ভরযোগ্য সহযোগী হিসেবেই থাকবেন।’
তবে সাবেক অধিনায়ক মাইকেল অ্যাথারটনের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন। তার মতে, দীর্ঘমেয়াদে রুট হয়তো আদর্শ সমাধান নন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে হ্যারি ব্রুকের চেয়ে অভিজ্ঞ রুটই নিরাপদ পছন্দ। গত বছর নিউজিল্যান্ড সফরে বারে মারামারির ঘটনায় জড়িয়ে পড়ার পর থেকেই ব্রুকের নেতৃত্বের সম্ভাবনা কিছুটা কমে গেছে বলেও ধারণা করা হচ্ছে।
অবশ্য অ্যাথারটন মনে করিয়ে দিয়েছেন, রুটের নেতৃত্বের সীমাবদ্ধতাও আগে দেখা গেছে। তিনি বলেন, 'গত মাসে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেই রুটের নেতৃত্বের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছিল।'
আথারটন যোগ করেন, 'তার স্বাভাবিক স্থিরতা হারাতে খুব বেশি সময় লাগেনি। তবে পরিস্থিতির প্রয়োজনেই তাকে দায়িত্ব নিতে হয়েছে। আদর্শ সিদ্ধান্ত না হলেও, ব্রুককে অধিনায়ক করার চেয়ে রুটকে বেছে নেওয়াই ভালো হয়েছে।’
আগামী ১৯ আগস্ট হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন অধ্যায় শুরু করবে ইংল্যান্ড। সেই সিরিজেই দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়ক হিসেবে রুটের যাত্রা শুরু হবে।