ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, অ্যাশেজেরও সূচি প্রকাশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
ফাইল ফটো, ফাইল ফটো
ফাইল ফটো, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৭ ফাইনালের ভেন্যু হিসেবে আবারও বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের ঐতিহাসিক দ্য ওভালকে। একই সঙ্গে ২০২৭ সালের বহুল প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী বছরের ১৮ জুন নটিংহ্যামে শুরু হবে অ্যাশেজ। এর আগে ৯ থেকে ১৩ জুন দ্য ওভালে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

আইসিসি আগেই নিশ্চিত করেছিল, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড ও ওয়েলস। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের ফাইনালের ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে দ্য ওভাল।

দ্বিতীয়বারের মতো দ্য ওভালে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগে ২০২৩ সালে এই মাঠেই ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার লড়াই বেশ জমে উঠেছে ।

আটটি টেস্টের মধ্যে সাতটিতে জিতে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা (৭৫ শতাংশ পয়েন্ট)। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ পয়েন্ট) এবং সবশেষ সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

অন্যদিকে ভারত রয়েছে পঞ্চম স্থানে, এরপর শ্রীলঙ্কা। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি সিরিজগুলোতে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে।

আগামী জুলাই-আগস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ১৩ আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে শ্রীলঙ্কা-ভারত সিরিজ, আর আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

এদিকে, ২০২৭ সালের অ্যাশেজ সিরিজও শুরু হবে ডব্লিউটিসি ফাইনালের ঠিক কয়েক দিন পর। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ১৮-২২ জুন ট্রেন্ট ব্রিজে। দ্বিতীয় টেস্ট ৩০ জুন-৪ জুলাই লর্ডসে, তৃতীয় টেস্ট ৮-১২ জুলাই এজবাস্টনে, চতুর্থ টেস্ট ২১-২৫ জুলাই সাউদাম্পটনের ইউটিলিটা বাউলে এবং পঞ্চম ও শেষ টেস্ট ২৯ জুলাই-২ আগস্ট দ্য ওভালে অনুষ্ঠিত হবে।

আইসিসির ইভেন্টস ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। ২০২৭ সালের ফাইনাল আরও বিশেষ, কারণ ওই বছর টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপিত হবে। দ্য ওভাল টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু এবং আমরা ইসিবির সঙ্গে মিলে আরেকটি বিশ্বমানের আয়োজন উপহার দিতে চাই।’

ইসিবির প্রতিযোগিতা ও মেজর ইভেন্টস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক নিল স্নোবল বলেন, ‘পরবর্তী তিনটি ডব্লিউটিসি ফাইনাল ইংল্যান্ড ও ওয়েলসে আয়োজন করতে পেরে আমরা গর্বিত। ২০২৩ সালের ফাইনাল দারুণ সফল হয়েছিল। আশা করছি, আগামী বছরের ফাইনালও তেমনি স্মরণীয় হবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন আসরে তিনটি ভিন্ন দল শিরোপা জিতেছে। ২০২১ সালে নিউজিল্যান্ড, ২০২৩ সালে অস্ট্রেলিয়া এবং ২০২৫ সালে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়।

আরো পড়ুন: