ভারতের বিপক্ষে স্কোয়াডে পরিবর্তন আনল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে-ভারত সিরিজ
মিল্টন শুম্বা, ফাইল ফটো
মিল্টন শুম্বা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ের ব্যাটার মিল্টন শুম্বা। ডান ঊরুর পেশির চোটের কারণে এই সিরিজে আর মাঠে নামা হচ্ছে না তার। আগামী ২৩ জুলাই থেকে হারারেতে শুরু হতে যাওয়া সিরিজের আগেই দল থেকে ছিটকে পড়েন তিনি।

মঙ্গলবার শুম্বার শারীরিক পরীক্ষা করা হয়। পরীক্ষার পর তার চোটের মাত্রা নিশ্চিত হওয়ায় তাকে বিশ ওভারের সিরিজ থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৫ বছর বয়সী এই ব্যাটার সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন।

বাংলাদেশের বিপক্ষে ওই সিরিজের মাধ্যমেই দীর্ঘ সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন শুম্বা। এর আগে ২০২২ সালের পর এই সংস্করণে আর খেলেননি তিনি। তবে ফেরার পর আবারও চোটের কারণে তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।

শুম্বার পরিবর্তে দলে নেয়া হয়েছে ইনোসেন্ট কাইয়াকে। দলে যোগ দিয়ে এরই মধ্যে হারারেতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন এই ব্যাটার।

কাইয়া সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে বিশ ওভারের ম্যাচ খেলেছিলেন। মজার বিষয়, সেই ম্যাচটিও ছিল একই মাঠে এবং ভারতের বিপক্ষেই। এবারও ভারতের বিপক্ষে সিরিজে তাকে দলে ফিরিয়েছে জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম ম্যাচ হবে ২৩ জুলাই। এরপর একই মাঠে ২৬ ও ২৭ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবুয়ে।