হায়দরাবাদে কার্সের বদলি মাদুশঙ্কা

আইপিএল
দিলশান মাদুশঙ্কা ও ব্রাইডন কার্স
দিলশান মাদুশঙ্কা ও ব্রাইডন কার্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংলিশ পেসার ব্রাইডন কার্সের চোটের ধাক্কা সামলে নতুন করে বোলিং বিভাগ সাজাতে বাধ্য হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি শুরুতে কার্সের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। ফলে কার্সের বদলি নিতে হচ্ছে তাদের।

বদলি হিসেবে শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে দলে নিয়েছে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা। মঙ্গলবার এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ২৫ বছর বয়সী মাদুশঙ্কাকে ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ানো হয়েছে। ২০২৬ আইপিএলের বাকি অংশে তিনি হায়দরাবাদের হয়ে খেলবেন।

আসরের নিলামের আগেই কার্সকে ধরে রেখেছিল হায়দরাবাদ। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের প্রস্তুতির সময় নেটে ব্যাটিং করতে গিয়ে ডান হাতে চোট পান এই ইংলিশ পেসার। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞই বলা যায় মাদুশঙ্কাকে।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট, ২৮টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাদুশঙ্কা। তিন সংস্করণ মিলিয়ে তার শিকার ৭০ উইকেট। আইপিএলে এখনও অভিষেক হয়নি তার, যদিও ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে ছিলেন তিনি। সেবার হ্যামস্ট্রিং চোটে পুরো আসর থেকেই ছিটকে পড়তে হয়েছিল তাকে।

এদিকে প্যাট কামিন্সের চোট এবং হার্শাল প্যাটেল ও জয়দেব উনাদকাটের নিষ্প্রভ পারফরম্যান্সে হায়দরাবাদের বোলিং বিভাগ নিয়ে প্রশ্ন উঠেছিল। এর মধ্যেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে অভিষেক হয় প্রফুল হিঙ্গে ও সাকিব হোসেনের। দুজনই চারটি করে উইকেট নিয়ে দলের ৫৭ রানের জয় নিশ্চিত করেন। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ।