টানা ৩ হারেও আত্মবিশ্বাস কমেনি আইয়ারের

ইংল্যান্ড-ভারত সিরিজ
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের নেতৃত্বে প্রথম জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে শ্রেয়াস আইয়ারকে। ম্যানচেস্টারে সিরিজের ম্যাচে শেষ চার ওভারে ৪৯ রান তুলে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। জেকব বেথেলের অপরাজিত ৭৬ রানের ইনিংসেই ম্যাচ হাতছাড়া হয় ভারতের।

ম্যাচের মোড় ঘুরে যায় ইংল্যান্ডের ইনিংসের সপ্তদশ ওভারে। তখনও সমীকরণ পুরোপুরি স্বাগতিকদের পক্ষে ছিল না। তবে রবি বিষ্ণইর করা সেই ওভারে ২৯ রান তুলে নেয় ইংল্যান্ড। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। ম্যাচ শেষে হারের কারণ নিয়ে কথা বলতে গিয়ে সেই ওভারের প্রসঙ্গই সামনে আনেন আইয়ার।

তিনি বলেন, 'আমার মনে হয়, আমরা সকলেই জানি কোথায় হেরেছি। কিন্তু সরাসরি কাউকে দায়ী করতে চাই না। আমি ভেবেছিলাম, প্রথম বলে নো করার পর ও ফিরে আসবে। কিন্তু পারল না। ওই ওভারটাই আমাদের হারিয়ে দিল। আশা করি ও শিক্ষা নেবে।'

ইংল্যান্ডের জয়ে জেকব বেথেল ও স্যাম কারেনের অবদানেরও প্রশংসা করেন ভারত অধিনায়ক। তার ভাষায়, 'দুই ইনিংসেই প্রথম ১৫ ওভার খেলা আমাদের হাতে ছিল। কিন্তু ওরা আসল সময়ে ম্যাচে ফিরল। কারেন অফ স্টাম্পের বাইরে ক্রমাগত বল করে গেল। পিচ বুঝে বুদ্ধি করে বল করল। বেথেল পরিকল্পনা করে শট খেলল। ঠিক বোলারকে নিশানা করল।'

অভিষেক ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও তরুণ বৈভবের ওপর আস্থা রাখছেন আইয়ার। তিনি বলেন, 'ওর মানসিকতা দুর্দান্ত। ভয় পায় না। নেটে ওর ব্যাটিং দেখে অবাক লাগে। ওর কাছেও অনেক কিছু শিখি। আমি জানতাম, অভিষেকে ওর উপর চাপ থাকবে না। সেটাই দেখলাম।'

নেতৃত্বে টানা তিন ম্যাচ হারলেও আত্মবিশ্বাসে ঘাটতি নেই বলে জানিয়েছেন আইয়ার। তিনি বলেন, 'আমার আত্মবিশ্বাস কমেনি। আমি জানি, এর থেকে খারাপ সময় আসা সম্ভব নয়। এ বার সামনের দিকে তাকাতে হবে।'

আরো পড়ুন: