আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের দুটি করে মোট ছয়টি দল নিয়ে এবারের ইটিপিএল অনুষ্ঠিত হবে। ম্যাক্সওয়েল খেলবেন বেলফাস্টভিত্তিক আইরিশ উলভস দলে। শুধু খেলোয়াড়ই নন, তিনি দলটির স্বত্বাধিকার এবং একই সাথে অধিনায়কের দায়িত্বও পালন করবেন।
উইঅনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, 'আমি নিশ্চিত, আগামী দিনে এই লিগ আরও বেশি বৈশ্বিক তারকাকে আকর্ষণ করবে। প্রথম আসর সফলভাবে শুরু করতে পারলে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগকে ঘিরে আগ্রহ আরও বাড়বে।'
অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, 'বিশ্বের এই অঞ্চলে খেলতে আসার সুযোগ খুব বেশি হয় না, বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে। তাই এই প্রতিযোগিতা নিয়ে আমাদের মধ্যে দারুণ উত্তেজনা রয়েছে। ভবিষ্যতে এখানে আরও অনেক আন্তর্জাতিক তারকাকে দেখা যাবে বলে আমি বিশ্বাস করি।'
উদ্বোধনী আসরেই বিশ্বের বেশ কয়েকজন নামকরা ক্রিকেটার অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও ট্রেন্ট বোল্ট, দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন, লুঙ্গি এনগিডি এবং ফাফ ডু প্লেসিস।
২০২৬ সালের ড্রাফটে ম্যাক্সওয়েলের দল আইরিশ উলভস দলে নিয়েছে ম্যাথিউ হামফ্রিস, পল স্টার্লিং, ফ্রেড ক্লাসেন, টিম টেক্টর, আলেকজান্ডার রয় এবং জয়নুল্লাহ ইহসানকে।
এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলছেন ম্যাক্সওয়েল। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত তার পারফরম্যান্স হতাশাজনক। তিন ম্যাচে করেছেন মাত্র ৭ রান, যার মধ্যে রয়েছে দুটি শূন্য রানে আউট হওয়ার ঘটনা। বল হাতেও নিয়েছেন মাত্র দুটি উইকেট।
সবশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।