ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। দ্বিতীয় সেশনের শেষ দিকে সেই ঘোষণা আসে। এরপরই নিজের দীর্ঘ স্পেলে প্রথম বলেই উইকেটও তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক। পরে ৩৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে নেমে মাত্র ২০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসও খেলেন তিনি।
স্টোকস- ম্যাককালাম জুটির 'বাজবল' নিয়ে শুরু থেকেই সমালোচনামুখর ছিলেন হার্মিসন। তার মতে, স্টোকসের বিদায়ের পর ম্যাককালামের অধ্যায়ও শেষ হওয়া উচিত।
টকস্পোর্ট ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সময় হার্মিসন বলেন, 'স্টোকসের সঙ্গে ম্যাককালামকেও চলে যেতে হবে। আমি ব্রেন্ডন ম্যাককালামকে ব্যক্তি হিসেবে অনেক সম্মান করি, কিন্তু এই ‘বাজবল’ টেস্ট ক্রিকেট নয়। এটা অপেশাদার মানসিকতার ক্রিকেট।'
স্টোকসের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন জো রুট। সেই প্রসঙ্গ টেনে হার্মিসন বলেন, 'জো রুট এই পুরো পরিস্থিতি নিয়ে কী ভাবছেন, সেটা জানতে চাই। স্টোকসের বিদায়ের পর এই দলে ম্যাককালামের প্রভাব ইংলিশ ক্রিকেটের জন্য কতটা ভালো হবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। বিশেষ করে আগামী ১২ মাসেরও কম সময়ের মধ্যে অ্যাশেজ সিরিজ রয়েছে।'
২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর ম্যাককালামের অধীনে ৪০টির বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড। শুরুতে দলটি ধারাবাহিক সাফল্য পেলেও পরবর্তীতে সেই গতি ধরে রাখতে পারেনি। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করলেও, ভারত ও অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে দুই দলের বিপক্ষেই ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। এর মধ্যে সবশেষ অ্যাশেজে ইংল্যান্ডের নাস্তানাবুদ হওয়া নিয়ে বেশ চাপে ছিলেন স্টোকস ও ম্যাককালাম দুইজনই।
স্টোকসের অবসরের পর ইংল্যান্ডের টেস্ট দলের ভবিষ্যৎ নেতৃত্ব এবং ম্যাককালামের কোচ হিসেবে থাকছেন কি না তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।