হার্দিকের চোট নিয়ে লুকোচুরি, খেপেছেন কাইফ

ভারতীয় ক্রিকেট
হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বছরের পর বছর ধরে চোটের সমস্যায় ভুগছেন হার্দিক পান্ডিয়া। এই অলরাউন্ডার চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি। এরপর আগামী জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজ থেকেও তাকে ছিটকে যেতে হয়েছে।

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করেন ২০২৩ সালে পাওয়া চোটের পর থেকে হার্দিক আর আগের মতো নেই। যদিও বর্তমান দলে অলরাউন্ডার হিসেবে হার্দিকের কাছাকাছি কেউ নেই সেটা মানছেন তিনি। তবে চোটের ইতিহাসের কারণে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না, সেই নিশ্চয়তা দিতে পারেননি তিনি।

এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, ‘আমি তার কোনো নিশ্চয়তা দিতে পারি না। তার বিষয়টি আমিও বুঝতে পারি না। সে এত বড় একজন ম্যাচ উইনার। বর্তমান দলে অলরাউন্ডার হিসেবে তার কাছাকাছি কেউ নেই। সেও এটা জানে। কিন্তু তার শরীর খুব ভঙ্গুর। ২০২৩ সালেও সে চোট পেয়েছিল এবং এরপর থেকে আর আগের মতো নেই। তবে তার চোট নিয়ে কোনো আলোচনা হয় না এবং সঠিক কোনো কারণও জানানো হয় না। কী বলা হচ্ছে কিংবা আনুষ্ঠানিক কারণ কী, তা আমি জানি না। আপনি জানলে আমাকে বলুন। আমরা শুধু বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি।’

হার্দিকের চোট নিয়ে বিস্তারিত জানার অধিনায়ক সবার আছে। হার্দিক দলের বাইরে থাকলে বিসিসিআইকে তার কারণ ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন কাইফ। তিনি বলেন, ‘ভক্তদেরও জানার অধিকার আছে ঠিক কী ঘটেছে এবং এ বিষয়ে আরও বেশি স্বচ্ছতা প্রয়োজন। হার্দিকের পুরো ক্যারিয়ারজুড়েই এমনটি দেখা গেছে। তার চোট নিয়ে সবসময় প্রশ্ন থাকে, আসলে কী হয়েছে এবং কেন সে বাইরে আছে।’

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করলেও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দলে জায়গা পাননি ইয়াশভি জয়সাওয়ালের। যদিও তার বদলে ইশান কিশানকে বেছে নেয়ার সিদ্ধান্তকে সঠিক বলেছেন কাইফ। তবে ভবিষ্যতে জয়সাওয়াল সব ফরম্যাটের ক্রিকেটার হবেন বলেও বিশ্বাস করেন তিনি।

তিনি বলেন, ‘জয়সাওয়াল খেলবে। সে সব ফরম্যাটের ক্রিকেটার হবে। তার সময়ও আসবে। আগারকার বলেছিলেন, তারা মাত্র ১৫ জন খেলোয়াড় বেছে নিতে পারেন এবং আমি তার সঙ্গে একমত। আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে এবং এভাবে কিছু খেলোয়াড় সবসময় বাদ পড়বে। তাদের জয়সাওয়াল অথবা ইশান কিশানের মধ্যে একজনকে নিতে হতো। কিশান সুযোগ পেয়েছে কারণ সে মিডল অর্ডারেও ব্যাট করতে পারে।'

কাইফ আরও বলেন, 'জয়সাওয়াল একজন খাঁটি ওপেনার। আর কিশান ব্যাকআপ উইকেটকিপার হিসেবেও থাকতে পারে। এছাড়া গৌতম গম্ভীরও কিশানকে দলে দেখতে চান। তার প্রতি সেই পছন্দও রয়েছে। আমি আগেও এটি বলেছি। তার ফর্মও ভালো, তাই আমি এই সিদ্ধান্তের সঙ্গে একমত। জয়সাওয়ালকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।’

আরো পড়ুন: