আগামী আগষ্ট-সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে ভারত। সেই সফরের পর থেকেই ঘরের মাঠে নতুন মৌসুম শুরু হচ্ছে তাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি দিয়ে ভারতের ২০২৬-২৭ মৌসুম শুরু হবে। থিরুভানান্থাপুরাম, গৌহাটি এবং নিউ চন্ডিগড়ে তিনটি ওয়ানডে হবে ২৭, ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৬ অক্টোবর থেকে। সিরিজের বাকি চার ম্যাচ হবে ৯, ১১, ১৪ এবং ১৭ অক্টোবর। ম্যাচগুলো হবে লক্ষ্ণৌ, রাঁচি, ইন্দোর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে। আইপিএলের পর আন্তর্জাতিক ম্যাচও ফিরছে বেঙ্গালুরুতে। আইপিএলের গত মৌসুমে শিরোপা উদযাপন করতে গিয়ে ১১ জন পদদলিত হয়ে মারা যান। যে কারণে এম চিন্নাস্বামীতে ক্রিকেট খেলা স্থগিত রাখা হয়।
যদিও আইপিএলের নতুন মৌসুমের আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আইপিএলের পর জাতীয় দলের খেলাও আয়োজনের সুযোগ পাচ্ছে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়েস্ট ইন্ডিজের পর ডিসেম্বরে ভারত সফর করবে শ্রীলঙ্কা। ১৩, ১৬ ও ১৯ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে দিল্লি, বেঙ্গালুরু ও আহমেদাবাদে। একই মাসে হবে তিনটি টি-টোয়েন্টি।
২২, ২৪ এবং ২৭ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ হবে রাজকোট, কোটাক এবং পুনেতে। ২০০২ সালের পর এবারই প্রথম ভারত সফর করবে জিম্বাবুয়ে। তিনটি ওয়ানডে খেলতে ২০২৭ সালের জানুয়ারিতে ভারতে যাবেন সিকান্দার রাজা, ব্রায়ান বেনেটরা। ৩, ৬ ও ৯ জানুয়ারি কলকাতা, হায়দরাবাদ এবং মুম্বাইয়ে তিনটি ওয়ানডে খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে শেষ হবে মৌসুম।
২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট ২৯ জানুয়ারি-২ফেব্রুয়ারি (চেন্নাই), তৃতীয় ম্যাচ ১১-১৫ ফেব্রুয়ারি (গৌহাটি), চতুর্থ টেস্ট ১৯-২৩ ফেব্রুয়ারি (রাঁচি) এবং সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট হবে ৩-৭ মার্চ (আহমেদাবাদ)। টানা দ্বিতীয় মৌসুমে টেস্ট ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে গৌহাটি।