‘অধিনায়কত্ব তো দূরের কথা, একাদশে থাকারই যোগ্য নয় আফ্রিদি’

পাকিস্তান ক্রিকেট
শাহীন শাহ আফ্রিদি
শাহীন শাহ আফ্রিদি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। ব্যাটে-বলে পারফর্ম করতে না পারায় পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও হেরেছে পাকিস্তান।

ফলে সমালোচনা থেকে রেহাই পাচ্ছে না পাকিস্তান। বিশেষ করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। তিনি বিশ্বকাপ থেকেই সেরা ছন্দে নেই। যদিও এক সময় আফ্রিদিই ছিলেন পাকিস্তান দলের সবচেয়ে ভরসাযোগ্য পেসার।

তার সেই ধার আর ধারাবাহিকতা আর নেই। বিশ্বকাপে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে তিনি ছিলেন বেশ খরুচে। ভারতের বিপক্ষে ২ ওভারে ৩১ রান দিয়েছিলেন। এরপর একাদশেই জায়গা হারান তিনি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ফিরে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তবে রান বিলিয়েছিলেন দেদারসে।

শ্রীলঙ্কার বিপক্ষেও রান দিয়েছেন হাত খুলে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ধারাবাহিক ছিলেন না এই পেসার। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ মনে করেন অধিনায়কত্ব তো দূরের কথা দলেই থাকার যোগ্য নন আফ্রিদি।

লতিফ বলেন, 'বিশ্বকাপে দলের ব্যর্থতার পর এখন লোকে বলছে, শাহীনকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হোক। আরে অধিনায়ক তো দূরের কথা, সে তো দলে থাকারই যোগ্য নয়। তার দলে থাকাই উচিত নয়।'

২০২৪ সালের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন আফ্রিদি। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজ দিয়েই ইতি টানতে হয় তাকে। এরপর তাকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ফেরানো হয়। এই ফরম্যাটেও ধারাবাহিকতার অভাবে সমালোচনা সহ্য করতে হচ্ছে আফ্রিদিকে।

আফ্রিদি এখন অধিনায়কত্ব করার যোগ্য নন বলেও মনে করেন লতিফ। তিনি বলেন, 'হ্যাঁ, একটা সময় ছিল, যখন তাকে অধিনায়ক করা যেত। এখন তো দলে জায়গাই প্রাপ্য নয় তার। অনেকেই এখন প্রচারণা চালাচ্ছে, তাকে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি অধিনায়ক করা হোক। কিন্তু আমি টি-টোয়েন্টি দলে তার জায়গাই দেখি না। তার সময় শেষ।'

আরো পড়ুন: