এই ম্যাচের আগ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেখানে সূর্যকুমারকে বলতে দেখা যায় পাকিস্তান দলকে স্লেজিং বা কটুক্তি না করতে। ব্যাটে-বলে পারফরম্যান্সকেই গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক।
সুর্যকুমার স্পষ্টভাবে সতীর্থদের উদ্দেশ্যে বলেছিলেন, 'ওভার শেষে দৌড়বে, কিন্তু কাউকে কিছু বলবে না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা আমাদের দক্ষতার মাধ্যমে এই ম্যাচটি জিতব।'
টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। যদিও আইসিসির হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। তবে মাঠে নিজেদের মেলে ধরতে পারেননি পাকিস্তানের ক্রিকেটাররা।
আগে ব্যাট করতে ভালো শুরু না পেলেও ইশান কিশানের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তানের ১৭৬ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় ভারত। জবাবে খেলতে নেমে ১১৪ রানে অল আউট হয় পাকিস্তান। বড় জয়ে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করে বিশ্বকাপের সহ-আয়োজকরা।
এই জয়ে ভারতের আধিপত্য আরও দৃঢ় হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে হেড-টু-হেড রেকর্ড এখন ৮–১। ফলে বোঝাই যাচ্ছে সাম্প্রতিক সময়ে ভারত রীতিমতো ছেলেখেলা করছে পাকিস্তানকে নিয়ে। অন্যদিকে টানা দুই ম্যাচে জিতে সুপার এইটে এক পা দিলেও পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছে ভারতের বিপক্ষে হার।