ম্যাচ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যেই আইসিসির প্রটোকল মেনে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। অনুশীলন, সংবাদ সম্মেলন কিংবা ম্যাচের দিন মাঠে উপস্থিত থাকা সব কিছুই নিয়ম অনুযায়ী করার পরিকল্পনা রয়েছে তাদের।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও বার্তা সংস্থা এএনআইকে এক কর্মকর্তা বলেন, 'ম্যাচটি খেলতে ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে এবং আইসিসির প্রটোকল অনুসরণ করবে। তারা সূচি অনুযায়ী অনুশীলন করবে, সংবাদ সম্মেলন করবে, সময়মতো স্টেডিয়ামে পৌঁছবে এবং ম্যাচ রেফারির খেলা বাতিল করার সিদ্ধান্তের অপেক্ষা করবে।'
অর্থাৎ প্রতিপক্ষ না নামলে, খেলা বাতিল বা ফল ঘোষণার বিষয়টি পুরোপুরি ম্যাচ অফিসিয়ালদের ওপরই ছেড়ে দেবে ভারত।
আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা আছে, টসের সময় কোনো দলের অধিনায়ক উপস্থিত না থাকলে ওয়াকওভার দেয়া হতে পারে। এ ক্ষেত্রে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় মাঠে থাকবেন বলেই জানা গেছে। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা না এলে ভারতকে জয়ী ঘোষণা করা হতে পারে।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বহুদিন বন্ধ থাকলেও আইসিসি ইভেন্টে এই ম্যাচটি সবচেয়ে বেশি বাণিজ্যিক গুরুত্ব বহন করে। ম্যাচটি না হলে আইসিসির আয় যেমন কমবে, তেমনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বড় ধরনের আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে।