লিগের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সময় নির্ধারণ করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত সেই বৈঠকে আট ফ্র্যাঞ্চাইজির মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, 'পিএসএল-১১ বিশ্বকে দেখিয়েছে, এই লিগ কতটা এগিয়ে যেতে পারে। পুরো দেশকে মুগ্ধ করা রোমাঞ্চকর মুহূর্ত, রেকর্ড দর্শক ও সম্প্রচারের নতুন রেকর্ড, সবই ছিল সেই আসরে। পিএসএল-১২ আরও উঁচু মানে নিয়ে যেতে চাই আমরা।'
গত আসরেই নতুন ইতিহাস গড়েছিল পিএসএল। প্রথমবার আট দল অংশ নেয়ার পাশাপাশি খেলোয়াড় বাছাইয়ের পুরোনো পদ্ধতির বদলে নিলাম চালু করা হয়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালেও হয়েছিল দর্শক উপস্থিতির নতুন রেকর্ড। ম্যাচটি দেখতে মাঠে এসেছিলেন ৩২ হাজার ৪৬১ জন।
৩ মে ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জেতে পেশোয়ার জালমি। এর মধ্য দিয়ে নয় বছর পর দ্বিতীয়বারের মতো পিএসএলের ট্রফি ঘরে তোলে দলটি।
দ্বাদশ আসরের সময়সূচি চূড়ান্ত হওয়ার পর এখন সামনে আসছে দল গঠনের বিভিন্ন ধাপ। সরাসরি চুক্তিতে খেলোয়াড় নেওয়া, ধরে রাখা খেলোয়াড়দের ঘোষণা, দলবদল এবং এরপর খেলোয়াড় নিলাম- এক এক করে এগুলোই হবে নতুন আসরের প্রস্তুতির অংশ।
পিসিবি চেয়ারম্যান নতুন আসর নিয়ে আশাবাদী, 'আরেকটি দুর্দান্ত মৌসুম আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আবারও আটটি ফ্র্যাঞ্চাইজিকে শিরোপার লড়াইয়ে দেখতে আমরা মুখিয়ে আছি।'