বিজ্ঞাপনের বাজার ধরতে জানুয়ারিতে পিএসএল আয়োজনের ভাবনা

পিএসএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিজ্ঞাপনের বাজারের সঙ্গে তাল মেলাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় এগিয়ে আনার আলোচনা শুরু হয়েছে। আগামী বছর জানুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আট ফ্র্যাঞ্চাইজির মালিকেরা আলোচনা করেছেন। লন্ডনে মঙ্গলবার অনুষ্ঠিত পিএসএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিষয়টি উঠে আসে।

টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বাধিকারী ওয়ালি টেকনোলজিসই মূলত জানুয়ারিতে পিএসএল আয়োজনের প্রস্তাব দিয়েছে। তাদের যুক্তি, রমজানের পর এপ্রিল-মে মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপণন ও টেলিভিশন বিজ্ঞাপনের বরাদ্দ কমে যায়। ফলে ওই সময়ে বিজ্ঞাপন থেকে পিএসএলের আয় কমার আশঙ্কা থাকে।

তবে সময় এগিয়ে আনা হলেও আর্থিক বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর উদ্বেগ রয়েছে। সম্প্রচার স্বত্ব থেকে প্রত্যাশিত আয় না হওয়া এবং ওয়ালির বিজ্ঞাপন বরাদ্দ নিয়েও প্রশ্ন উঠেছে। চুক্তি অনুযায়ী, পিএসএলের আট দল কেন্দ্রীয় রাজস্ব তহবিল থেকে সম্প্রচার আয়য়ের ৯৫ শতাংশ পেয়ে থাকে।

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএসএল ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে গত দুই আসর এপ্রিল-মেতে আয়োজন করতে হয়েছে। ফলে পিএসএলকে একই সময়ে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে।

জানুয়ারিতে পিএসএল আয়োজন করলে অবশ্য নতুন সমস্যাও তৈরি হবে। ওই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি চলবে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটারদের দলে পেতে এসব লিগের সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হবে পিএসএলকে। যদিও ওই সময়ে পাকিস্তানের কোনো দ্বিপাক্ষিক সিরিজ নির্ধারিত নেই।

আবহাওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাঞ্জাবে তীব্র শীত ও কুয়াশা থাকে। লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডির মতো ভেন্যুতে সন্ধ্যার পর তাপমাত্রা অনেক কমে যেতে পারে, সঙ্গে দৃশ্যমানতাও কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই করাচি থেকে টুর্নামেন্ট শুরু করে পরে শীত কমলে পাঞ্জাব ও পেশোয়ারে নেয়ার প্রস্তাবও এসেছে।

এদিকে পিএসএলের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও করছে গভর্নিং কাউন্সিল। ক্রিকেটের বাইরে ই-স্পোর্টসে প্রবেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দল ও সম্প্রচারকারীর জন্য বাড়তি আয়ের পথ তৈরি করতে বছরের মাঝামাঝি সময়ে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত জানুয়ারির প্রস্তাবটি বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরো পড়ুন: