এপিএলের ড্রাফটে মুস্তাফিজ-নাহিদসহ বাংলাদেশের ৫ ক্রিকেটার

এপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন এক হাজারের বেশি ক্রিকেটার। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করলেও জানা গেছে এখনো পর্যন্ত বাংলাদেশের ৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। সাকিব আল হাসানের সঙ্গে সেই তালিকায় আছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি গুড়াকেশ মোতি, এভিন লুইস, লুক উড, রিস টপলি, জেমস ভিন্স, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আলজারি জোসেফ, আকিল হোসেনের মতো ক্রিকেটাররা নিবন্ধন করেছেন। এদিকে ২৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল এপিএলের ড্রাফট। তবে ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ড্রাফট পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সূচিতে আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এপিএলের ড্রাফট। পরবর্তীতে ২৭ ডিসেম্বর পর্দা উঠবে এপিএলের। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ঘোষণা দেওয়ার দিনই তিনটি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে একসেল গ্রুপ কিনে নিয়েছে একসেল ইউনাইটেড কাবুল, পঙ্কজ চাড্ডা এবং আশিষ মেহতার বুলফ্রগ মিলে কিনে নিয়েছে কান্দাহার ওয়ারিয়র্স।

বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) পোখারা অ্যাভেঞ্জার্সের মালিকানায় আছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব রাহিমি মালিকানা কিনেছে বালাখ জাওয়ানানের। জানা গেছে, বাকি দুইটি ফ্র্যাঞ্চাইজি এখনো বিক্রি করতে পারেনি আফগানিস্তান। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাকি দুইটি ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় বাধ্য হয়েই প্লেয়ার্স ড্রাফট পিছিয়ে দিয়েছে এসিবি। যদিও ফ্র্যাঞ্চাইজি না পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। প্লেয়ার্স ড্রাফট পেছানোর পাশাপাশি ক্রিকেটারদের নিবন্ধনের সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন সূচিতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ক্রিকেটাররা নিবন্ধন করতে পারবেন।

আরো পড়ুন: