স্টোকসের পিএসএল-এমএলসি খেলার সুযোগ আটকে দিতে পারে ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুয়ার খোলা রেখেছিলেন বেন স্টোকস। তবে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডারের দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানোর স্বাধীনতায় কিছুটা লাগাম টানতে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচির সাংঘর্ষিক হওয়ায় স্টোকসের এনওসি আটকে দিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। এমন অবস্থায় আবারও বিরোধে জড়াতে পারে ইসিবি ও স্টোকস।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন নাইটক্লাব কাণ্ডে জড়িয়েছিলেন স্টোকস। পরবর্তীতে সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে ফিরলেও ট্রেন্ট ব্রিজে অবসর নিয়েছেন তারকা অলরাউন্ডার। চলতি সেপ্টেম্বরেই ইংল্যান্ডের সঙ্গে স্টোকসের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার এনওসি দেওয়ার ক্ষমতা ইসিবির হাতেই থাকবে। এজন্য দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধ হতে পারে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের।

এমন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তাদের প্রতিবেদন অনুযায়ী, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ নিতে এমএলসি ও পিএসএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করছেন স্টোকস। তবে ঘরোয়া ক্রিকেট ডারহামের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে এনওসি নাও দিতে পারে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। আইপিএলের এনওসি দেওয়ার ক্ষেত্রে সবসময়ই নমনীয় ইসিবি।

এমনও দেখা গেছে জাতীয় দলের খেলা থাকলেও তাদেরকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ছাড় দেওয়া হতো। তবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। ২০২৪ সালের নভেম্বরে এনওসি সংক্রান্ত নতুন নীতি চালু করে ইসিবি। যেখানে কোনো বিদেশি লিগের সঙ্গে দেশটির ঘরোয়া ক্রিকেটে মৌসুমের (পুরোপুরি কিংবা আংশিক) সূচির সঙ্গে সাংঘর্ষিক হলে তাদেরকে এনওসি দেওয়া হবে না।

স্টোকস বর্তমানে ডারহামের নিবন্ধিত খেলোয়াড়। এজন্য তারকা অলরাউন্ডারের এনওসি আটকে দিতে পারে ইসিবি। যদিও স্টোকসকে বিদেশি লিগে খেলার সুযোগ করে দিতে কিছুটা নমনীয় ডারহাম। এমনকি তার সঙ্গে স্বল্পমেয়াদে (কমপক্ষে ২১ দিনের) চুক্তি করতেও রাজি আছে ক্লাবটি। টুর্নামেন্টের শুরুতে ও শেষের দিকে স্টোকসকে খেলানোর জন্য এমন চিন্তা করছে ডারহাম। স্টোকসেরও চাওয়া ক্লাবকে শিরোপার দৌড়ে রাখা।

আগামী জুন-জুলাইয়ে এমএলসির সঙ্গে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সূচির সংঘর্ষ হতে পারে। এজন্য শঙ্কাটা তৈরি হচ্ছে। কারণ ইসিবির চাওয়া বিদেশি লিগে খেলার প্রভাব যেন ঘরোয়া ক্রিকেট না পড়ে। আবার স্টোকসকে ছাড় দিলে বাকিরাও একই পথে হাঁটতে পারে। এমন পরিস্থিতিতে ইসিবি কঠোর হতে পারে। এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অ্যালেক্স হেলস ও জেসন রয়ের মতো ক্রিকেটাররা অবসর নিয়েছেন।

মঈন আলীও একই পথে হেঁটেছেন। যদিও গত টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন তারকা অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তি করেছেন স্টোকস। সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগের শেষের দিকেও খেলতে দেখা যেতে পারে তাকে। যদিও এনওসির জন্য এখনো আবেদন করেননি স্টোকস। অবসর নিলেও টুর্নামেন্টের নিয়মের কারণে ২০২৮ সালের আগে আইপিএলে খেলতে পারবেন না তিনি।

আইপিএলের নিয়ম অনুযায়ী, মেগা নিলামের জন্য নিবন্ধন না করলে পরবর্তী দুই বছরের মিনি নিলামে তাদের সুযোগ দেওয়া হয় না। ২০২৫ সালে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য আইপিএলে নিলামে নাম দেননি স্টোকস। তাই আগামী ডিসেম্বরে ভারতের গোয়ায় হতে যাওয়া মিনি নিলামে স্টোকসের নাম দেখা যাবে না। বাকি লিগগুলাতে খেলতে ঘরোয়া ক্রিকেট ছাড়বেন কিনা সেটাও বড় প্রশ্ন।

আরো পড়ুন: