দ্য হান্ড্রেডের বাকি অংশে খেলা হচ্ছে না মার্করামের

দ্য হান্ড্রেড
এইডেন মার্করাম
এইডেন মার্করাম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ম্যানচেস্টার সুপার জায়ান্টসের অধিনায়ক এইডেন মার্করাম ব্যক্তিগত কারণে সাউথ আফ্রিকায় ফিরে গেছেন। ফলে দ্য হান্ড্রেডের বাকি অংশে আর খেলবেন না এই প্রোটিয়া ব্যাটার। তার পরিবর্তে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে নিয়েছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস।

দলটির অধিনায়কের দায়িত্ব সামলাবেন জস বাটলার। মার্করাম সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির তিনটি দলেই খেলেন। আইপিএলে লক্ষৌ সুপার জায়ান্টস, এসএ টোয়েন্টিতে ডারবানস সুপার জায়ান্টস এবং এবার দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের নেতৃত্বও পেয়েছিলেন তিনি। মার্চে অনুষ্ঠিত ড্রাফটের পর তাকে দলের অধিনায়ক করা হয়েছিল।

মৌসুমের শুরুতে টানা দুটি জয় পেলেও শেষ তিন ম্যাচে হেরেছে ম্যানচেস্টার। মার্করামের নিজের পারফরম্যান্সও ছিল ওঠানামার। প্রথম চার ইনিংসে করেছিলেন মাত্র ৬৭ রান। তবে রোববার দ্য ওভালে খেলেছিলেন একটি হাফ সেঞ্চুরি ইনিংস। বুধবার এক বিবৃতিতে ম্যানচেস্টার সুপার জায়ান্টস মার্করামের দ্য হান্ড্রেড ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ম্যানচেস্টার সুপার জায়ান্টস নিশ্চিত করছে যে পুরুষ দলের অধিনায়ক এইডেন মার্করাম ব্যক্তিগত কারণে সাউথ আফ্রিকায় ফিরে গেছেন। এই সময়ে ক্লাবের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক শুভকামনা রইল। চলতি আসরে দলের হয়ে তাঁর অবদানের জন্যও আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’

বুধবার এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাটলার। দ্য হান্ড্রেডের প্রথম তিন আসরে ম্যানচেস্টার অরিজিনালসের অধিনায়ক ছিলেন তিনি। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর এটিই তার প্রথম অধিনায়কত্ব।

এদিকে ব্রেসওয়েল সম্প্রতি গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। গত বছর দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়েও খেলেছিলেন, যদিও তেমন ভালো পারফরম্যান্স করতে পারেননি। বুধবারের ম্যাচের আগে তার দলের সঙ্গে যোগ দেয়ার সম্ভাবনা কম। তবে প্লে অফের লড়াইয়ে থাকা ম্যানচেস্টারের শেষ দুটি গ্রুপ ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন: