বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়া আমাদের হালকাভাবে নেয়নি: শান্ত

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে আছেন নিয়মিত সব তারকা ক্রিকেটারই। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং অফ-স্পিনার নাথান লায়ন।

এর আগে গত জুনে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পূর্ণশক্তির দল নিয়ে আসেনি অজিরা। এমন কী ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে হারতে হয়েছে অজিদের। টেস্টে তাই আর এমন পরীক্ষা নিরীক্ষা করছে না অজিরা। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন এই দলই প্রমাণ করে অজিরা বাংলাদেশকে হালকাভাবে নেয়নি।

তিনি নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, 'সাধারণত তো বাংলাদেশ ক্রিকেটে এরকম এর আগে আমি কখনো দেখি নাই। সাধারণত আমাদের দলের সাথে খেলার সময়ই হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। তবে আমি বলব যে এটা একটা অর্জন আমাদের দল হিসেবে আমি বলব। কারণ, সাধারণত এরকম একটা দল ওরা দিয়েছে।'

বাংলাদেশের জন্য অজিদের বিপক্ষে এই সিরিজটিকে দারুণ সুযোগ হিসেবেই দেখছেনহ শান্ত। তিনি মনে করেন বাংলাদেশের উচিত সেখানে ভালো ক্রিকেট খেলা। পাশাপাশি টেস্ট দল হিসেবে বাংলাদেশ নিজেদের একটি অবস্থান তৈরি করতে পেরেছে বলেও বিশ্বাস শান্তর। অজিরা তাই বাংলাদেশ সিরিজটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।

শান্ত যোগ করেন, 'এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ যে ওই দলের বিরুদ্ধে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলব যে ইতিমধ্যেই আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট দলটা নিয়ে। কারণ আপনি যদি প্রতিপক্ষের দলটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা ওই সিরিজটা হালকাভাবে নেয় নাই।'

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সূচি অনুযায়ী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

আরো পড়ুন: