উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ রানা

পিএসএল
গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে নাহিদ রানার উল্লাস, ফাইল ফটো
গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে নাহিদ রানার উল্লাস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শেষে প্রতিযোগিতার সেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক। পেশোয়ার জালমির হয়ে অসাধারণ পারফরম্যান্সে সেই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।

অল্প কিছু ম্যাচ খেলেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নাহিদ। পুরো আসরে তিনি খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ, তাতেই নিয়েছেন ৯টি উইকেট। গড় ছিল প্রায় ১০-এর কাছাকাছি এবং তার ইকোনমি রেটও ছিল বেশ নিয়ন্ত্রিত।

বিশেষ করে তার গতির ঝড় ব্যাটসম্যানদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজে খেলতে ঢাকায় আসার আগে চার ম্যাচে নজর কাড়েন এই পেসার।

পরে আন্তর্জাতিক সিরিজটি শেষ হলে আবার ফাইনালের জন্য অনুমতি পেয়ে দলে যোগ দেন এবং সেখানেও প্রভাব রাখেন। দ্রুতগতির বল, শর্ট বল ও নিখুঁত ইয়র্কারে তিনি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিপাকে ফেলেছেন নিয়মিতভাবে।

এই একাদশের অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। তার সঙ্গে ওপেনিংয়ে আছেন সাহিবজাদা ফারহান, আর উইকেটরক্ষকের দায়িত্বে রয়েছেন কুশল মেন্ডিস। মিডল অর্ডারে আছেন শান মাসুদ ও উসমান খান।

অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন শাদাব খান ও অ্যারন হার্ডি। বোলিং বিভাগে নাহিদ রানার সঙ্গে আছেন হুনাইন শাহ, মোহাম্মদ আলী ও সুফিয়ান মুকিম।

উইজডেনের পিএসএল ২০২৬ সেরা একাদশ: বাবর আজম, সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস, শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।

আরো পড়ুন: