হতাশা আর বিরক্তি নিয়েই আইপিএল ছেড়েছিলেন অশ্বিন

আইপিএল
রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো
রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিজ শহরের হয়ে আইপিএল ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই আশায় আট মৌসুম পর চেন্নাই সুপার কিংসে ফিরেছিলেন গত বছর। কিন্তু বিদায়টা সুখকর হয়নি কিংবদন্তি এই অফস্পিনারের। ৩৯ বছর বয়সে আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে দেন গতবারের আইপিএল শেষেই। চেন্নাইয়ে ফেরাটা যে অশ্বিনের জন্য ভালো কোনো স্মৃতি নিয়ে আসেনি তা স্বীকার করেছেন তিনি নিজেই।

‎২০০৯ সালে নিজ শহর চেন্নাইয়ের হয়েই আইপিএল ক্যারিয়ার শুরু হয় অশ্বিনের। সাত মৌসুম চেন্নাইতে খেলে ২০১৫ সালে চেন্নাই আইপিএল থেকে নিষিদ্ধ থাকায় দল পাল্টাতে হয় তাকে। এরপর চেন্নাই আইপিএলে ফিরলেও অশ্বিনকে আইপিএল খেলতে হয় অন্য দলের হয়ে। পরের আট মৌসুমে পাঁচটি দল বদলে ২০২৫ সালে ফেরত আসেন চেন্নাইতে। সে আসরে বল হাতে গড়পরতা এক মৌসুম কাটান এই কিংবদন্তি। মৌসুমজুড়ে ৯ ম্যাচ খেলে নেন মোটে সাত উইকেট।

‎সেই মৌসুমের পরপরই আইপিএল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে দেন অশ্বিন। তবে অশ্বিন জানান, তিনি চাইলে এবারের মৌসুমেও খেলতেই পারতেন। কিন্তু গতবারের ক্লান্তিকর অভিজ্ঞতাই তাকে প্ররোচনা দিয়েছে অবসর নিতে। গত বছরের মত এ বছরও আইপিএলে বাজে সময় কাটাচ্ছে চেন্নাই। আর তা দেখেই অশ্বিন রোমন্থন করলেন কষ্টের সেই স্মৃতি।

‎নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'কেউ আমাকে কোনো দুঃখের গানের নাম বলতে পারো? আমি নিরপেক্ষভাবে ম্যাচটা (চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) দেখছি, কিন্তু মনে পড়ছে আমি সম্প্রতি চেন্নাইয়ের হয়ে একটি হতাশাজনক মৌসুম কাটিয়েছি। ব্যক্তিগতভাবেও সেটা খুব খারাপ ছিল। সত্যি বলতে, আমার মনে হয় আমি আরও খেলতে পারতাম, কিন্তু মানসিকভাবে আমার সেই সক্ষমতা ছিল না।'

‎যদিও সেই অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নন এই স্পিনার। কিন্তু এভাবে আইপিএল ক্যারিয়ারের শেষ হওয়া নিয়ে নিজের হতাশা লুকাতে পারেননি তিনি, 'আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, এটা মানসিকভাবে বিরক্তিকর। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। আমি বলেছিলাম, চেন্নাইয়ে শুরু করেছি, নিজের শহরেই শেষ করছি, এটাই ঠিক আছে।'

'আমি নিজেই অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ম্যানেজমেন্টকে আমাকে রাখা বা ছাড়ার বিষয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। এতে তারা ১০ কোটি রুপিও বাঁচাতে পারবে। আমি এখনও হতাশ। আমার প্রত্যাশা ছিল, আশা ছিল।'

‎নতুন মৌসুমে প্রথম তিন ম্যাচের সবকটিতে হেরে টুর্নামেন্টের শুরতেই বিপাকে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। গত মৌসুমেও টেবিলের তলানিতে থেকে শেষ করতে হয়েছিলো তাদের।কষ্টের স্মৃতি নিয়ে চেন্নাই অধ্যায় শেষ করলেও নিজ শহরের দলের এমন অবস্থায় হতাশ অশ্বিনও। সামনের দিন গুলোতে ঘুরে দাঁড়াতে কিছু পরামর্শও দেন তিনি।

‎অশ্বিন বলেন, 'আজকের ম্যাচ নিয়েও আমার প্রত্যাশা ছিল। আমি জানতাম বেঙ্গালুরু জিততে পারে, কারণ তারা শক্তিশালী দল। কিন্তু চেন্নাই আগের ম্যাচে যে উন্নতি দেখিয়েছিল, তার ওপর আমার কিছুটা ভরসা ছিল। এছাড়া বেঙ্গালুরু বিরতির পর খেলতে নামছিল, এটাও একটা ফ্যাক্টর ছিল। কিন্তু যেভাবে তারা খেলেছে, তাতে সবাইকে সতর্ক করে দিয়েছে।'

অশ্বিন আরো যোগ করেন, 'তরুণদের ভালো অনুশীলন দিতে হবে, ইনটেনসিটি দিতে হবে, সঠিক পরিবেশ তৈরি করতে হবে। না হলে তারা কীভাবে পারফর্ম করবে?' তোমরা এসএ টি-টোয়েন্টি দেখে পরিকল্পনা করতে পারো। জেমি ওভারটন ইয়োর্কারের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। কিন্তু তোমরা তাকে সেটাই করতে বাধ্য করছো। বোলারের শক্তির ওপর ভিত্তি করে ব্যবহার করতে হবে। তোমরা তাকে রাউন্ড দ্য স্টাম্প থেকে ওয়াইড ইয়র্কার করাচ্ছো, আর টিম ডেভিড সেগুলো সহজেই মারছে।'

আরো পড়ুন: