দিল্লির বিপক্ষে ব্রেভিসকে পাওয়ার আশা চেন্নাইয়ের

আইপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে পারেননি ডেওয়াল্ড ব্রেভিস। চোট থেকে সেরে উঠতে না পারায় মিস করেছেন পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচও। তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ডানহাতি ব্যাটারকে পাওয়া যাবে বলে ইঙ্গিত দিয়েছেন স্টিফেন ফ্লেমিং।

টুর্নামেন্টের গত আসরে পেসার গুরজাপনিত সিংয়ের বদলি হিসেবে চেন্নাইয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ব্রেভিস। সেই মৌসুমে ৬ ইনিংসে ১৮০ স্ট্রাইক রেটে ১৭ ছক্কায় করেছিলেন ২২৫ রান। এমন পারফরম্যান্সের পর তাকে রিটেইন করে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও চলতি আসরে এখনো মাঠে নামতে পারেননি তিনি। প্রথম তিন ম্যাচে ডাগ আউটে বসে থাকতে হয়েছে তাকে। চেন্নাইয়ের পরের ম্যাচে আগামী ১১ এপ্রিল, দিল্লির বিপক্ষে।

সেই ম্যাচে তাকে পাওয়ার আশা করছে চেন্নাই। এ প্রসঙ্গে ফ্লেমিং বলেন, ‘আমরা আশা করছি পরের ম্যাচের জন্য সে ফিট হয়ে যাবে। পরের ম্যাচে আগে এখনো আমাদের হাতে ৫ দিন সময় আছে। তাকে নিয়ে আমরা সতর্ক এবং আশা করছি ৫ দিন আমাদের পরিকল্পনা মতো যাবে ও সে খেলার জন্য প্রস্তুত হবে। এটা আমাদের জন্য বড় ক্ষতি এবং আমরা তাকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছি।’

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগের অনুশীলন করেনি চেন্নাই। তবে এম চিন্নাস্বামীতে ম্যাচের আগে প্রায় ২০ মিনিটের মতো ব্যাটিং অনুশীলন করেছেন ব্রেভিস। যেখানে সহকারী কোচ রাজিব কুমারকে থ্রোয়িং করতে দেখা যায়। বেশিরভাগ বলেই ডানহাতি ব্যাটার ডিফেন্ড করেছেন। যদিও কোনো ধরনের অস্বস্তি দেখা যায়নি।

পরবর্তীতে দলের সতীর্থদের সঙ্গে ফুটবলও খেলেছেন। এর আগে চিপকে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগে সাইড নেটে ব্যাটিংও করেছেন। পাশাপাশি ফিল্ডিং ড্রিলও করেছেন ব্রেভিস। পাঞ্জাবের সঙ্গে মাত্র দুজন বিদেশি ক্রিকেটার নিয়ে খেলেছে চেন্নাই। সবশেষ ম্যাচে অর্থাৎ বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছেন তিনজন। এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতে হেরেছে চেন্নাই।

আরো পড়ুন: