৫ বিদেশি খেলাচ্ছে বেঙ্গালুরু, জবাব দিলেন কোহলি

আইপিএল
বিরাট কোহলি, আইপিএল
বিরাট কোহলি, আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বেশ কিছুদিন ধরেই লন্ডনে বসবাস শুরু করেছেন বিরাট কোহলি। পরিবার নিয়ে সেখানেই থাকেন তিনি। তবে ভারতের কোনো সিরিজ বা আইপিএল হলেই শুধু দেশে ফেরেন তিনি। এর ফলে অনেক কটাক্ষ শুনতে হচ্ছে ভারতের সাবেক এই অধিনায়ককে। এবারের আইপিএল শুরু হওয়ার পর অনেকেই টিপ্পনী কেটে বলছেন, বেঙ্গালুরু নাকি ৫ বিদেশি খেলাচ্ছে।

এবারের আইপিএলে লম্বা কোনো প্রস্তুতি ছাড়াই মাঠে নেমেছেন কোহলি। গত জানুয়ারিতে ভারতের সর্বশেষ ওয়ানডে সিরিজের পর বিরতি নেন তিনি এবং এরপর ইংল্যান্ডে যান। তবে এতে তার সাম্প্রতিক পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি। বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই ব্যাট হাতে দলকে জিতিয়েছেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনি খেলেছেন ৩৮ বলে ৬৯ রানের ইনিংস। সেই ম্যাচে বেঙ্গালুরু জয় পেয়েছে ৬ উইকেটে। তাও আবার ২০২ রানের লক্ষ্য তাড়া লরে। সম্প্রতি বেঙ্গালুরুর একটি ভিডিওতে হাজির হয়েছিলেন কোহলি। সেখানে জনপ্রিয় উপস্থাপক দানিশ সাইট মজার ছলে বলেন, ‘মানুষ বলছে বেঙ্গালুরু নাকি পাঁচজন বিদেশি খেলোয়াড় নিয়ে খেলছে, আমি আসলে বুঝতে পারছি না তারা কী বলছে।’

মুখে হালকা হাসি রেখে কোহলি জবাব দেন, ‘আমি জানি না, আমাকে কেন জিজ্ঞেস করছেন? বিদেশি খেলোয়াড়দের জিজ্ঞেস করুন। আমি তো বিদেশি খেলোয়াড় নই। আমি কি বিদেশি খেলোয়াড়?’ এরপর আইপিএলের শিরোপা জয়ের মূহুর্তের কথা জানিয়ে কোহলি বলেন, ‘চার বছর পর বোঝা নামার মতো একটা কথা আমি শুনেছিলাম। সেই রাতে আমি সত্যিই এর অর্থ বুঝতে পেরেছিলাম। সবকিছু হালকা মনে হয়েছিল।’

শিরোপা জয়ের মাধ্যমে কঠিন পরিশ্রমের ফল পেয়েছেন বলে জানিয়েছেন কোহলি। তিনি যোগ করেন, ‘জয়ের মানে আমার কাছে কঠোর পরিশ্রমের ফল। আপনি যে ত্যাগ স্বীকার করেছেন, খেলাটির প্রতি যে প্রতিশ্রুতি রেখেছেন, সবকিছু একসঙ্গে এসে এক ধরনের নিশ্চয়তা দেয়, এক ধরনের পুরস্কার দেয়, যে আপনি সময় নষ্ট করেননি।’

আইপিএলের শিরোপা জয় বাড়তি অনুপ্রেরণা যোগাবে জানিয়ে কোহলি বলেন, 'অনেকেই পরাজয় থেকে শিক্ষা নেয়, কিন্তু অনেকেই এতে ভেঙেও পড়ে। তাই কঠোর পরিশ্রমের পর যখন আপনি জিতবেন, তখন মনে হয় আপনার পরিশ্রমের ন্যায়বিচার হয়েছে। আর সেটিই আপনাকে আরও বেশি পরিশ্রম করার প্রেরণা জোগায়।’

আরো পড়ুন: