একই পিচে এক দল যখন অনায়াসে বড় সংগ্রহ গড়ে তোলে, অন্য দল সেখানে ব্যর্থ- এই বৈপরীত্যই সবচেয়ে বেশি চোখে পড়েছে। সানরাইজার্স হায়দরাবাদ যেখানে স্বচ্ছন্দে ২২৬ রান তোলে, সেখানে কলকাতা নাইট রাইডার্স থেমে যায় ১৬১ রানে। রাহানে নিজেও ব্যাট হাতে প্রভাব ফেলতে পারেননি, যা দলের চিত্রটাই স্পষ্ট করে।
ম্যাচ শেষে তিনি বলেন, 'দ্বিতীয় ইনিংসে বল পিচে পড়ে কিছুটা থেমে যাচ্ছিল। প্রথম ইনিংসের তুলনায় তখন ব্যাট করা কঠিন মনে হয়েছে। আমরা ভেবেছিলাম পরে ব্যাট করা সহজ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তবু এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাই না।'
প্রতিপক্ষ অধিনায়ক ইশান কিশানও পিচ নিয়ে একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তার মতে, উইকেট নিখুঁত না হলেও শুরুটা ভালো হওয়ায় বড় রান তোলা সম্ভব হয়েছে। বিশেষ করে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড শুরুতেই চাপ কমিয়ে দেন। পাশাপাশি জয়দেব উনাদকাট জানান, পিচে ভিন্ন গতির আচরণ ছিল, যা কাজে লাগিয়েছেন বোলারেরা।
তবে হারের মূল কারণ হিসেবে ব্যাটিংকেই সামনে এনেছেন রাহানে। তার ভাষায়, 'বোলারেরা আমাদের সুযোগ এনে দিয়েছিল। কিন্তু রান তাড়া করার সময় আমরা ধারাবাহিক জুটি গড়তে পারিনি।'
তিনি আরও বলেন, 'প্রতিপক্ষের বোলারেরা পরিকল্পনা মেনে বল করেছে, বিশেষ করে গতির পরিবর্তন কাজে লেগেছে। আমরা সেই চ্যালেঞ্জ সামলাতে পারিনি।'
টানা দুই হারের পর দল নিয়ে নতুন করে ভাবার কথাও জানিয়েছেন রাহানে। তার মতে, সেরা একাদশ খুঁজে বের করাই এখন প্রধান লক্ষ্য, 'দলে ভারসাম্য আনার জন্য প্রয়োজন হলে পরিবর্তন করতেই হবে।'