‘অলরাউন্ডার’ গ্রিনকেই কলকাতা কিনেছিল: নায়ার

আইপিএল
ক্যামেরন গ্রিন, ফাইল ফটো
ক্যামেরন গ্রিন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের আইপিএল আসরের নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই গ্রিনকে মৌসুমের প্রথম ম্যাচে অলরাউন্ডার হিসেবে দেখাই গেলো না মাঠে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে অভিষেক নায়ার জানালেন, গ্রিনকে নিলাম থেকে 'অলরাউন্ডার' হিসেবেই কিনেছিল কলকাতা।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মূল পেসারদের চরম ব্যর্থতার দিনেও কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে বোলিংয়ে আনেননি গ্রিনকে। ম্যাচ শেষে রাহানে এসবের দায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওপর চাপালেও মৌসুমের শুরুতেই কলকাতা জানত, শুধু ব্যাটার হিসেবেই খেলানো যাবে গ্রিনকে!

মৌসুমের প্রথম ম্যাচে ব্যাটাররা ২২০ রানের পুঁজি এনে দিলেও কলকাতার বোলাররা কোনো দাপট দেখাতে পারেননি। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি ভাঙতে ১২তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় কলকাতার বোলারদের। বোলারদের এমন চরম ব্যর্থতার দিনেও গ্রিনকে বোলিংয়ে দেখা না যাওয়ায় বিস্ময় প্রকাশ করেন ধারাভাষ্যকার থেকে শুরু করে সবাই।

অথচ ম্যাচের আগ মূহুর্তেও পুরোদমে বোলিং অনুশীলন করতে দেখা গেছে গ্রিনকে।

যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই নিশ্চিত করে যে, মৌসুমের শুরুর অংশে শুধু ব্যাটার হিসেবে খেলার জন্য অনুমতি দেয়া হয়েছে গ্রিনকে। ২০২৪ এর শেষ দিকে পিঠে অস্ত্রোপচার করানো হয়েছিলো এই অলরাউন্ডারের।

হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য ভিন্ন কথা বলছেন কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ার, 'নিলামে আমাদের লক্ষ্য ছিল খুব সহজ। যদি রাস (আন্দ্রে রাসেল) না থাকে তা হলে কে এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার এবং দলে প্রভাব ফেলতে পারে ও রাসেলের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যেতে পারে? আমরা ভেবেছিলাম ক্যামেরন গ্রিন সেটা পারবে। দুর্ভাগ্যবশত এখনও বল করতে পারেনি।'

'কিছু কিছু জিনিস দুর্ভাগ্যবশতই ঘটে। আপনার নিয়ন্ত্রণে থাকে না। এটাই খেলাটার সৌন্দর্য। আপনি সব সময় সেরা দল নামাতে চান। হাতে বেশি বিকল্প চান। সেটা না থাকলে সমস্যা হয়। আমরা তো কিছু ভেবেচিন্তেই নিলামে যাই। দূরের লক্ষ্যের কথা ভাবি। ক্রিকেটারদের অভিজ্ঞতা এবং দক্ষতার কথা ভেবেই তাদের কিনি। কখনও কখনও ক্রিকেটারেরা নিজেদের দক্ষতা দেখাতে পারে না। সবটা আমাদের হাতেও থাকে না। আমাদের কাছে অলরাউন্ডার গ্রিনের গুরুত্ব অনেক বেশি।'

আরো পড়ুন: