প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে মন্তব্য, শোকজ পেলেন নাসিম শাহ

পিএসএল
নাসিম শাহ ও মরিয়াম নওয়াজ
নাসিম শাহ ও মরিয়াম নওয়াজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নাসিম শাহর বিরুদ্ধে কেন্দ্রীয় চুক্তি ও মিডিয়া নীতিমালা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজকে ঘিরে তার বিতর্কিত মন্তব্যের পর এই নোটিশ দেয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নাসিম প্রশ্ন তুলেছিলেন, পিএসএল ম্যাচের আগে কেন মরিয়াম নওয়াজকে বিশেষভাবে সম্মান দেখানো হচ্ছে এবং সেখানে ‘কুইন’ শব্দ ব্যবহার করে মন্তব্যও করেন। যদিও অল্প সময়ের মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন এবং পরে দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

যদিও নাসিমের সেই দাবি অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। পিসিবি জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে নাসিমের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাকে প্রক্রিয়া মেনে এর জবাব দিতে বলা হয়েছে। পিসিবি বিজ্ঞপ্তিতে বলেছে, 'নাসিম শাহকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। পেশাদার মান, চুক্তিগত দায়বদ্ধতা এবং খেলার সততা বজায় রাখতে পিসিবি প্রতিশ্রুতিবদ্ধ।'

পিএসএলের উদ্বোধনী দিনে গ্যালারিতে দর্শক আগমন নিষিদ্ধ থাকলেও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেদিন অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভাতিজি মরিয়ম নওয়াজও। তাকে সেদিন তাকে উষ্ণ সম্বর্ধনা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার পেছনে ছিল বিশাল গাড়িবহরও। পিসিবির আপলোড করা সেই ভিডিও কোট করে নাসিম লিখেছিলেন, ‘তাকে (মরিয়ম) কেন লর্ডসের রাণির মতো আপ্যায়ন করা হচ্ছে?’

কয়েক মিনিটের মধ্যে সেই পোস্ট মুছে ফেলা হয়। তবে সেই পোস্টের স্ক্রিনশট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে ভিন্ন আরেক পোস্টে নাসিম দাবি করেন, তার একাউন্ট ‘হ্যাক’ হয়েছিল। যা তিনি পুনরুদ্ধার করেছেন। নাসিম লিখেন, 'এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন সফলভাবে উদ্ধার করা হয়েছ।'

পিসিবির আচরণবিধি অনুযায়ী, বোর্ড, এর কর্মকর্তা, নীতি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা বা ‘অশোভন মন্তব্য’ করা নিষিদ্ধ। নাসিমের পোস্টটি এই ধারার লঙ্ঘন বলেই মনে করছে দেশটির ক্রিকেট বোর্ড। পিএসএলের এবারের আসরে পিন্ডিজের হয়ে খেলছেন নাসিম। শনিবার তার দল প্রথম ম্যাচে মাঠে নামছে পেশোয়ার জালমির বিপক্ষে।

আরো পড়ুন: