এই বিষয়টি নিশ্চিত করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। আইপিএলের মেগা নিলামের আগে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি তাকে ১৮ কোটি রুপিতে রিটেইন করে। দলটির নেতৃত্ব দেয়ারও কথা রয়েছে তার। কামিন্সের অনুপস্থিতিতে হায়দরবাদের নতুন অধিনায়ক হতে পারেন অভিষেক শর্মা।
কামিন্সকে নিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, 'আইপিএল ২০২৬ এর শুরুতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে থাকছেন না কামিন্স। অভিষেক শর্মার জন্য বড় সুযোগ অপেক্ষা করছে। কামিন্স প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। তার অনুপস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি ওপেনার অভিষেক শর্মাই অধিনায়কত্ব সামলাবেন।'
বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার ধরা হয় কামিন্সকে। এখন পর্যন্ত আইপিএলে ৭২ ম্যাচ খেলে নিয়েছেন ৭৯টি উইকেট। গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৩০ ম্যাচে তিনি শিকার করেছেন ৩৪টি উইকেট। কামিন্স যদি প্রথম কয়েকটি ম্যাচ মিস করেন, তাহলে একাদশে সুযোগ পেতে পারেন এহসান মালিঙ্গা অথবা ব্রাইডন কার্সের মধ্যে একজন।
সর্বশেষ অ্যাশেজে খেলেছিলেন কামিন্স। ২০২৩ সালে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানো এই অধিনায়ক সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ডিসেম্বরে। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে তিনি ৬টি উইকেট নিয়েছিলেন। চোটের কারণে এরপর খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ।