২.৪৫ বিলিয়ন রুপিতে মুলতানের মালিকানা বিক্রি

পিএসএল
মুলতান সুলতান্স
মুলতান সুলতান্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স সোমবার রেকর্ড দামে বিক্রি হয়েছে। মিডিয়া, প্রযুক্তি ও আর্থিক খাতে কাজ করা প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিস ২৪৫ কোটি পাকিস্তানি রুপির (২.৪৫ বিলিয়ন রুপি) সর্বোচ্চ দর দিয়ে দলটির মালিকানা কিনে নেয়।

লাহোরে অনুষ্ঠিত নিলামে অনুষ্ঠান সঞ্চালক ফখর-ই-আলম বিডারদের জানান, এই বিজয়ী দরটির মধ্যেই আগামী ১০ বছরের জন্য দলটির মালিকানায় থাকার বার্ষিক ফি অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ, এই অর্থ পরিশোধের মাধ্যমে ওয়ালি টেকনোলজিস পরবর্তী এক দশক মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজির স্বত্ব ভোগ করবে।

নিলাম অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নতুন মালিকপক্ষ একটি বড় চমকের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) আহসান তাহির জানান, তারা দলটির নাম পরিবর্তন করে ‘রাওয়ালপিন্ডি’ রাখতে যাচ্ছেন। তিনি বলেন, 'আপনারা কি একটি চমকের জন্য প্রস্তুত? আমরা রাওয়ালপিন্ডির দিকেই যাচ্ছি!'

অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সফল বিডের জন্য ওয়ালি টেকনোলজিসকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজির নতুন যাত্রা শুরুর জন্য পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির অবদানের কথা স্মরণ করেন।

নাকভি বলেন, 'মুলতান সুলতানস নাজাম শেঠি সাহেবের হাত ধরেই তৈরি হয়েছিল। যিনি এই যাত্রার সূচনা করেছিলেন, আজ তিনি আমাদের সঙ্গে আছেন—এটা আমাদের জন্য দারুণ আনন্দের।'

ওয়ালি টেকনোলজিস নিজেদের ওয়েবসাইট অনুযায়ী একটি বৈশ্বিক প্রতিষ্ঠান, যা মিডিয়া, ফাইন্যান্স ও প্রযুক্তি খাতে বিভিন্ন প্রকল্পে কাজ করে। প্রতিষ্ঠানটি এর আগেও পিএসএলের লাইভস্ট্রিমিং স্বত্ব অর্জন করেছিল বলে জানা গেছে।

আরো পড়ুন: