বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে পিএসএলে নাও দেখা যেতে পারে আরও বেশ কয়েকজন আফগান ক্রিকেটারকে। এর মধ্যে নাভিন উল হক ও মুজিব উর রহমানও রয়েছেন। কিছুক্ষণ আগেই ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় গুরবাজ নিশ্চিত করেছেন পিএসএলে খেলছেন না তিনি।
কারণ হিসেবে গুরবাজ জানিয়েছেন, ব্যক্তিগত কিছু দায়িত্ব এবং তার দাতব্য ফাউন্ডেশনের অসমাপ্ত কাজই এই সিদ্ধান্তের মূল কারণ। এ ছাড়া বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি আফগানিস্তানে ফিরে যাবেন এবং নিজে উপস্থিত থেকে ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করবেন।
ভিডিও বার্তায় গুরবাজ বলেন, 'আমি এই বছর পিএসএলে খেলতে পারছি না। আমার কিছু ব্যক্তিগত দায়িত্ব রয়েছে এবং আমার দাতব্য ফাউন্ডেশনের বড় একটি অংশের কাজ এখনো অসম্পূর্ণ। সফল একটি বিশ্বকাপ অভিযান শেষে আমি আমার প্রিয় আফগানিস্তানে ফিরে যেতে চাই, যাতে নিজে উপস্থিত থেকে ফাউন্ডেশনের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারি এবং দেশের মানুষের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারি।'
এর আগে তিনটি মৌসুমে পিএসএলে খেলেছেন গুরবাজ। ২০২১ সালে তিনি মুলতান সুলতান্সের হয়ে টুর্নামেন্টে অভিষেক হয়েছিল তার। এরপর ২০২২ ও ২০২৩ মৌসুমে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মাঠে নামেন তিনি। পিএসএলে মোট ১৫ ম্যাচে ৩১৮ রান করেছেন গুরবাজ। গড় ছিল ২২.৭১, রয়েছে একটি হাফসেঞ্চুরি।
আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের নিয়মিত সদস্য গুরবাজ খেলেছেন ২টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি–টোয়েন্টি ম্যাচ। বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার চাহিদা অনেক। আইপিএল, বিপিএল, সিপিএল, এসএ টোয়েন্টি ও আইএল টি টোয়েন্টিসহ প্রায় সব বড় লিগেই খেলেছেন তিনি।