আগামী ১২ জুন স্কারবরোতে ইয়র্কশায়ার কাউন্টি ক্লাবের বিপক্ষে ম্যাচে ও পরের সপ্তাহে টনটনে সমারসেটের বিপক্ষে ম্যাচে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সুযোগ পাবেন সুথার।
চলতি সাপ্তাহেই চন্ডিগড়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয়েছিল এই স্পিনারের। নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়া সুথার প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট যোগ করে ম্যাচ শেষ করেন মোট ৭ উইকেট নিয়ে।
প্রথম শ্রেণির ক্রিকেতে রাজস্থানের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। এখন পর্যন্ত ২৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১২৯ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার।
ওয়ারউইকশায়ারের পারফরম্যান্স পরিচালক জেমস থমাস বলেন, 'মানবকে দলে পেয়ে আমরা খুবই আনন্দিত। মৌসুমে আমরা ইতোমধ্যে ভালো লাল বলের ক্রিকেট খেলেছি, আর মানব আমাদের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। গত সপ্তাহেই ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়াটা প্রমাণ করে, ভারতে তাকে কতটা উঁচু মানের ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়।'
নতুন চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত সুথারও। তিনি বলেন, 'পরবর্তী দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে পারব বলে আমি ভীষণ উচ্ছ্বসিত। দলটি মৌসুমটা দারুণভাবে শুরু করেছে। শিরোপার লড়াইয়ে তাদের সহায়তা করতে পারলে সেটা আমার জন্য বড় অর্জন হবে।'
ছয় ম্যাচে দুটি জয় ও দুটি ড্র নিয়ে বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ওয়ারউইকশায়ার।