এখনো অসুস্থ মিরাজ, তবুও আশায় সিমন্স

ত্রিদেশীয় সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অসুস্থতার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এখনো জ্বর থেকে সেরে উঠতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার। ফিল সিমন্সের বিশ্বাস, আগামী দুই দিনের বিশ্রামে সুস্থ হয়ে ‍উঠবেন মিরাজ।

আবুধাবিতে একমাত্র টেস্টে ব্যাটে-বলে অবদান রেখেছিলেন মিরাজ। তীব্র গরমের সঙ্গে প্রখর রোদের মধ্যে খেলার কারণে জ্বরে ভুগছেন তিনি। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে টানা দুদিন অনুশীলন করতে পারেননি অফ স্পিন বোলিং অলরাউন্ডার। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হয়নি তার।

ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচকে সামনে রেখে শারজাহতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দলের সঙ্গে অনুশীলনেও এসেছেন মিরাজ। যদিও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। আফগানদের বিপক্ষে তাকে পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিমন্স বলেন, ‘হ্যাঁ, তাকে (মিরাজকে) দেখতে পাওয়াটা দারুণ (হবে)। গত কয়েকদিন সে অসুস্থ ছিল, সংগ্রাম করছিল। সে এখনও পুরোপুরি সুস্থ নয়। তবে আশা করছি আজ এবং কালকের মধ্যে সে আরও কিছু বিশ্রাম নিতে পারবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’

চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে খেলা হচ্ছে না লিটন দাসের। ডান হিপ জয়েন্টে অস্বস্তির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। ১৮ অক্টোবর রাতে দেশেও ফিরে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। লিটন না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। এদিকে লিটনের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

আরো পড়ুন: