সবার নয়, ৫-৬ জন বোলারের সোনালী সময় যাচ্ছে: সালাহউদ্দিন

বাংলাদেশ ক্রিকেট
গণমাধ্যমের সঙ্গে মোহাম্মদ সালাহউদ্দিন
গণমাধ্যমের সঙ্গে মোহাম্মদ সালাহউদ্দিন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটা সময় ছিল, যখন বোলিং আক্রমণে দেখা যেত ৩-৪ জন স্পিনারের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শিকারিদের তালিকাতেও সবার উপরে ছিল স্পিনারদের নাম। তবে বর্তমান সময়ে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বাংলাদেশের বেশিরভাগ সাফল্যই আছে পেসারদের হাত ধরে।

আন্তর্জাতিক ক্রিকেটে একে একে নিজেদের সাফল্য দেখিয়েছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদের মতো পেসার। মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা লম্বা সময় ধরেই বাংলাদেশকে সাফল্য এনে দিচ্ছেন সীমিত ওভারের ক্রিকেটে। তবে বিসিবির এইচপি দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন সবার সোনালী সময় যাচ্ছে না।

বিশেষ করে ৫-৬ জন বোলারের সোনালী সময় যাচ্ছে। তবে এই কোচ মনে করেন বাকি যারা বোলার আছে তাদেরও পাঁচ-ছয় জনের মতো উন্নতি করতে হবে। তাহলেই বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে। তিনি বলেন, 'সোনালী সময়টা আসলে শীর্ষ পাঁচ-ছয়টা বোলারেরই যাচ্ছে, বাকিদের যাচ্ছে না। যেহেতু পাঁচ-ছয়জন আসলে আমাদের খুব ভালো মানের বোলার আছে এবং পরবর্তী দলে যারা আছে তারা যেন তাদের কাছাকাছি আসে বা তাদের মানের হয় সেটা আমাদের আসলে লক্ষ্য।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে ডারউইনে টেস্ট জয়ের নায়ক ছিলেন হাসান মাহমুদ। এবার আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন তিনি। এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন সালাহউদ্দিন। আবুধাবির এমন উইকেটেও হাসান যেভাবে উইকেট নিয়েছেন তাতে মুগ্ধ এই কোচ।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, 'হাসান মাহমুদ যে বল করেছে অবশ্যই চমৎকার। এরকম টেস্টে এরকম উইকেটে যেখানে আসলে খুব বেশি বাউন্স নাই, নড়াচড়া নাই, সেখানে সে যেই লাইনে বল করেছে এবং যেই ব্যাটারকে ফাঁদে ফেলে আউট করেছে আমি বলব অবশ্যই অসাধারণ।'

বাংলাদেশের পাইপলাইনে আছেন একাধিক পেসার। তাদের আরও ভালো অবস্থায় নিতে যাওয়ার তাগিদ সালাহউদ্দিনের। তিনি বলেন, 'আমার মনে হয় যে আমাদের শীর্ষ যারা পাঁচ-ছয়জন আছে তারা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে, আমাদের পরবর্তী যারা পাইপলাইনে আছে তারা যেন আরো ভালো বল করে সেটা আসল বিষয়।'

আরো পড়ুন: