কদিন আগে টুর্নামেন্ট নিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের পেজে ভিডিও প্রকাশ করলেও ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন না শহীদ আফ্রিদি। তখন থেকেই গুঞ্জন উঠে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের অংশগ্রহণ নিয়ে। কয়েক দিন আগে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমও জানিয়েছে, টুর্নামেন্টটি খেলার জন্য সাবেকদের এনওসি দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ধারণা করা হচ্ছে, বোর্ড থেকে এখনো এনওসি পাননি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। আফ্রিদির উপস্থিত না থাকার কারণও হতে পারে সেটি। এদিকে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ও পাকিস্তান চ্যাম্পিয়ন্সের। তবে ম্যাচ শুরুর ঘণ্টাচারেক আগে সেটি স্থগিত করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৫ অক্টোবর, ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে। ৭ অক্টোবর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স, ১১ অক্টোবর ভারত চ্যাম্পিয়ন্স এবং ১৪ অক্টোবর খেলবে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে।
বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল, রুবেল হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, রনি তালুকদারের মতো ক্রিকেটারদের। দলটির প্রধান কোচ হিসেবে আছেন মোহাম্মদ রফিক। দেশে কয়েক দিনের অনুশীলনের পর সংযুক্ত আরব আমিরাত গেছেন মাহমুদউল্লাহরা।