এত ব্যস্ত সূচির মাঝেও নেপালের প্রস্তাবে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাচ্ছেন লিটনরা। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের কাঠমান্ডুতে হবে সিরিজটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
কদিন আগে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আমিনুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে আমিনুল একটি টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব দেন তিনি। ১৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও এসেছিলেন ঘনশ্যাম ভান্ডারি। দেখা করেছেন তামিম ইকবালের সঙ্গে।
বিসিবি সভাপতির সঙ্গে ঘনশ্যাম ভান্ডারির বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে সিরিজের ঘোষণা ও সূচি প্রকাশ করা হয়েছে। কয়েক দিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, নেপালের বিপক্ষে সিরিজ খেলতে ইতিবাচক বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও নেপাল।
গত ২৬ আগষ্ট নেপালের উত্তর-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন কঠিন সময়ে নেপালের মানুষের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজের প্রস্তাব দিয়েছিলেন ঘনশ্যাম ভান্ডারি। সেই সিরিজটি অবশ্য হচ্ছে না। বাংলাদেশ ও নেপালের সিরিজটি আগে থেকেই প্রস্তাবিত। তবে বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদেরকে সিরিজটি উৎসর্গ করা হবে বলে জানিয়েছে বিসিবি।