মাঠ থাকলেও নিয়মিত খেলা নেই। চট্টগ্রামের ক্রিকেটকে আবারও জাগিয়ে তুলতে দারুণ এক উদ্যোগ হাতে নিয়েছেন বিসিবি পরিচালক নান্নু। তার তত্ত্বাবধানে চট্টগ্রামে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আগামী ১৬ সেপ্টম্বর থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে বলে জানা গেছে। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে।
পুরো বিভাগকে চারটি জোনে ভাগ করে দলগুলো গঠন করা হবে। প্রাক মৌসুমের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম মহানগর থেকে অংশ নেবেন ইস্পাহানী কর্ণফুলি নামের একটি দল। আর রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারকে নিয়ে গড়া দলের নাম সাম্পান।
নোয়াখালী জেলার দলের নাম ভুলুয়া। আর চতুর্থ দলটির নাম ফর্টিস ময়নামতি। সেখানে অংশ নেবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার ক্রিকেটাররা। লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। আর ফাইনাল হবে ২১ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টে সাম্পান দলের পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম আহমেদ।
এই টুর্নামেন্ট নিয়ে নিজের ফেসবুকে ইব্রাহীম বলেছেন, 'কক্সবাজারের সাম্পান দলের স্পনসর হিসেবে আমি এবং আরও কয়েকজন ক্রিকেটপ্রেমী মিলে সিদ্ধান্ত নিয়েছি, মাঠের ক্রিকেটকে থামতে দেওয়া যাবে না। এই লক্ষ্যেই আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে ৪ দলের একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি।'
তিনি আরও যোগ করেন, 'আমাদের চেষ্টা থাকবে প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাধ্যমে খেলোয়াড়দের সুযোগ তৈরি করা এবং স্থানীয় ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা আরও বাড়ানো। লিগ বন্ধ হতে পারে, কিন্তু ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা ও উদ্যোগ বন্ধ হবে না।'