টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলেই ফেরেন জিসান আলম। ম্যাট ফিশারের লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ডানহাতি ওপেনার। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। দ্বিতীয় উইকেটে অবশ্য জুটি গড়েন হাবিবুর রহমান সোহান ও আরিফুল।
পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে আউট হয়েছেন হাবিবুর। জশ ক্লার্কসনের বলে ছক্কা মারতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন তিনি। ২১ বলে ২৬ রান করেছেন বাংলাদেশের ওপেনার। চারে নেমে সুবিধা করতে পারেননি ইরফান শুক্কুর। বাংলাদেশের অধিনায়ক ৩ রানে আউট হয়েছেন। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন আরিফুল ও সাব্বির।
তারা দুজনে মিলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। দারুণ ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেছেন আরিফুল। তবে সেঞ্চুরি পাওয়া হয়নি তার। ৪৮ বলে ৭১ রানের ইনিংস খেলে ডানহাতি ব্যাটার বোল্ড হয়েছেন জেইডেন লেনক্সের বলে। ৭ চারের সঙ্গে দুইটি ছক্কা মারেন আরিফুল। হাফ সেঞ্চুরি পেয়েছেন সাব্বিরও।
জেইক গিবসনের বলে ডাউন দ্য উইকেটে এসে দুই রান নিয়ে ২৭ বলে হাফ সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত সাব্বির অপরাজিত ছিলেন ৩৬ বলে ৬২ রানের ইনিংস খেলে। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি। তবে সাব্বির ও আরিফুলের হাফ সেঞ্চুরিতে ১৮১ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে দুইটি উইকেট নিয়েছেন ফিশার।