বাংলাদেশের বিপক্ষে রেকর্ড নয়, দলের সাফল্যই স্টার্কের লক্ষ্য

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
মিচেল স্টার্ক, ফাইল ফটো
মিচেল স্টার্ক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যক্তিগত এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টে আর মাত্র সাতটি উইকেট পেলেই টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার সেরা দশে উঠে আসবেন বাঁহাতি এই পেসার। তবে বাংলাদেশের বিপক্ষে ব্যক্তিগত অর্জনের চেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে দলের সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানান স্টার্ক।

বর্তমানে স্টার্কের টেস্টে উইকেট সংখ্যা ৪৩৩। বাংলাদেশের বিপক্ষে নিজের চেনা ছন্দ ধরে রাখতে পারলে তিনি ভারতের কিংবদন্তি কপিল দেবের শিকার ৪৩৪ উইকেট এবং সাউথ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনের শিকার ৪৩৯ উইকেট ছাড়িয়ে যেতে পারেন।

এই মাইলফলক প্রসঙ্গে স্টার্ক বলেন, 'এর মানে হলো আমি বেশ কিছুদিন ধরে খেলছি। ওদের মতো কিংবদন্তিদের সঙ্গে আমার নাম উচ্চারিত হওয়া অবশ্যই দারুণ এবং বিনয়ের বিষয়। কিন্তু এখনো খেলছি, তাই এসব রেকর্ড নিয়ে খুব বেশি ভাবি না। অনেক দূরের কথা আগেভাগে ভাবারও প্রয়োজন দেখি না।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান আসরে দারুণ ছন্দে রয়েছেন স্টার্ক। আটটি টেস্টে ৪৬ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি। এছাড়া সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জয়ে দুই দলের মধ্যে সর্বোচ্চ ৩১ উইকেটও শিকার করেন তিনি।

বাংলাদেশ সিরিজ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার কঠিন এক টেস্ট সূচি। এরপর অক্টোবরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে তিনটি টেস্ট, বছরের শেষ দিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট এবং এরপর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফি খেলবে অস্ট্রেলিয়া।

৩৬ বছর বয়সেও নিজের পারফরম্যান্স ধরে রাখার রহস্য জানাতে গিয়ে স্টার্ক বলেন, '১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর অন্তত একটা জায়গায় উন্নতি হয়েছে বলেই মনে হয়।'

তিনি আরও বলেন, 'এতদিন খেলতে পারার কারণই হলো নিজেকে বদলানো, শেখা এবং আরও উন্নতি করা। এর সঙ্গে ওয়াবল সিম, ধারাবাহিকতা ও আরও কিছু বিষয় যোগ করেছি। পুরো বিষয়টি নিয়ে আমার চিন্তা-ভাবনা বেশ পরিষ্কার।'

আরো পড়ুন: