৫ বছর পর কেন টেস্ট দলে সৌম্য, ব্যাখ্যা দিলেন বাশার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
হাবিবুল বাশার ও সৌম্য সরকার
হাবিবুল বাশার ও সৌম্য সরকার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সবচেয়ে বড় চমক সৌম্য সরকার। তিনি মাহমুদুল হাসান জয়ের জায়গায় সুযোগ পেয়েছেন। তাও আবার ৫ বছরের বিরতির পর। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।

টেস্ট দলে না থাকলেও প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ভালোই ফর্মে আছেন সৌম্য। সর্বশেষ জাতীয় লিগে ৭ ম্যাচে ৬৩৩ রান করেছিলেন তিনি। তাও আবার প্রায় ৪৬ গড়ে। এমন ফর্মই নির্বাচকদের নজর কেড়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা ও গতিময় পেসারদের মোকাবেলার দক্ষতা।

সৌম্যকে টেস্ট দলে নেয়ার ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সৌম্য অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। যেই পেসটা আমরা অস্ট্রেলিয়াতে প্রত্যাশা করছি, এটা খেলে সে অভ্যস্ত। আমরা অন্য ওপেনারের কথাও ভেবেছিলাম। দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমাদের ডানহাতি ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই।’

জয়ের বাদ পড়া নিয়েও ব্যাখ্যা দিয়েছেন বাশার। জানিয়েছেন এই ওপেনারের ফর্ম বড় কারণ ছিল তার দলে না থাকার। বাশার যোগ করেন, ‘জয় এত ভালো ফর্মে নেই, তাঁকে দেখে একটু ভালনারেবল মনে হচ্ছে। আমরা চিন্তা করেছি তাঁকে আমাদের ফিরিয়ে আনা দরকার। অস্ট্রেলিয়ায় গেলে হয়তো তার খেলার সুযোগটা একটু কম থাকবে, টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কম্বিনেশনে যেতে পারে।’

পাইপলাইনে অনেক খেলোয়াড় থাকলেও তাদের কেউই অস্ট্রেলিয়ায় খেলার মতো প্রস্তুত নয় বলে মনে করেন বাশার। কারণ ব্যাখ্যা করে জানিয়েছেন সর্বশেষ জাতীয় লিগে যারা ভালো করেছেন তারা প্রায় সবাই নতুন। তাই সেখান থেকে ওপেনার বেছে নেয়া কঠিন ছিল তাদের জন্য। কাউকে হুট করে নিয়ে অস্ট্রেলিয়ায় অভিষেকের ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা।

বাশার যোগ করেন, 'আপনি যদি আমাদের এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নতুন খেলোয়াড়। জাকির হাসান আছেন একজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, সৌম্য অন্যদের তুলনায় এই গতির বোলিং আগে খেলেছে। এই গতির বোলিংটা সৌম্য সরকার খেলেছে, বাকিরা কেউ খেলেনি। আমরা যেটা বললাম, আমাদের পাইপলাইনে খেলোয়াড় আছেন, তারা এখনো প্রস্তুত নন।'

আরো পড়ুন: