ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন আমিনুল

বাংলাদেশ-ভারত সিরিজ
আমিনুল হক, ক্রিকফ্রেঞ্জি
আমিনুল হক, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী সরকার। চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত। মূলত ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও দুই দেশের কূটনৈতিক পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে সফরটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সম্প্রচারস্বত্ব বিক্রির উদ্যোগ এবং ভারতের শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তনের পর আবারও আলোচনায় এসেছে বিষয়টি। এর মধ্যেই মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলে সরকারের অবস্থান তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আমিনুল হক বলেন, 'বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট আমাদের জন্য মর্যাদার একটি ক্ষেত্র, আর বিশ্ব ক্রিকেটে বাংলাদেশেরও শক্ত অবস্থান রয়েছে। আমরা ইতোমধ্যে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সবাই সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছে।'

সরকারের মতে, এই সফর কেবল মাঠের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকবে না, বরং দুই দেশের পারস্পরিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ক্রীড়াকে পারস্পরিক যোগাযোগ ও আস্থার একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখছে সরকার।

প্রতিমন্ত্রী আরও বলেন, 'ভারত বাংলাদেশে এলে অতীতে ঘটে যাওয়া একটি ছোট ঘটনার কারণে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি আমরা অতিক্রম করতে পারব বলে মনে করি। আশা করি, ক্রীড়া কূটনীতি, পারস্পরিক যোগাযোগ এবং দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে।'

এর আগে ভারত সিরিজকে সামনে রেখে বিসিবি জানিয়েছিল, প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। যদিও সম্প্রতি সম্প্রচারস্বত্ব বিক্রির প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত হওয়ায় সফরটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন: