প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন জানতে চান, ক্রিকেট বোর্ড নিয়ে সরকারের অবস্থান কী। উত্তরে প্রতিমন্ত্রী বোর্ডের অতীত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বেশ কিছু অভিযোগ তুলে ধরেন।
আমিনুল বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ ও জনবল ব্যবহার করে বিগত সময়ে ভোটের অধিকার হরণে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে। দায়িত্ব নেয়ার পর যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে, ইনশাআল্লাহ।'
একই সঙ্গে বোর্ডের ভেতরে দুর্নীতির অভিযোগ নিয়েও কথা বলেন আমিনুল, 'দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের হিসাব নেয়ার বিষয় সামনে এসেছে। আমরা দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালকের কাছে আহ্বান জানাব, এ বিষয়ে কোনো তদন্ত থাকলে তা আমাদের জানানো হোক এবং জাতির সামনে উপস্থাপন করা হোক।'
পূর্ববর্তী সরকারের সময় ক্রীড়াঙ্গনের পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, '২০০৮ সাল থেকে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ক্রীড়াঙ্গনে স্থবিরতা এসেছে। এই ধ্বংসস্তূপ থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত করতে আমরা কাজ করছি।'
এ সময় তিনি আরও বলেন, 'যারা দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের চিহ্নিত করতে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে এবং জড়িতদের জাতির সামনে আনা হবে, ইনশাআল্লাহ।'
জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক দেশের ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি ২০২৬ সালের বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণ খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দেন। পাশাপাশি গত বছরের অক্টোবরে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।