এদিকে এলপিএলের চুক্তি হাতছাড়া হওয়ার পাশাপাশি জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলেও জায়গা হয়নি শামীমের। একই সময়ে লিটন দাস ও তাসকিন আহমেদকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দিয়ে এলপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। ফলে শামীম কেন এনওসি পাননি তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা।
শামীম জিম্বাবুয়ে সিরিজের দলে থাকলেও সিরিজ শেষে ১৯ জুলাইয়ের পর তাকে এনওসি দেওয়া হতো। এমনকি দলে সুযোগ না পাওয়ার পর তাকে পুরো টুর্নামেন্টের জন্যই এনওসি দেয়ার সুযোগ ছিল দেশের ক্রিকেট বোর্ডের সামনে। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে এই বিষয়টি নিয়ে খোলাসা করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।
তিনি জানান শামীম পাটোয়ারির পক্ষ থেকে এনওসির জন্য কোনো আবেদনই তারা পাননি। তিনি বলেন, 'শামীম পাটোয়ারির কাছ থেকে আমরা কোনো এনওসির আবেদনপত্র পাইনি। আমরা যদি অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি কোনো আবেদন পত্র পেতাম তাহলে এটা বোঝা যেত এনওসি দেব কি দেব না।'
এদিকে এলপিএলের জন্য লিটন ও তাসকিন ছাড়াও সাকিব আল হাসান, মেহেদী মিরাজ এবং হাসান মাহমুদকে এনওসি দিয়েছে বিসিবি। এই পাঁচ ক্রিকেটারই টুর্নামেন্টের শুরু থেকেই নিজ নিজ দলের সঙ্গে থাকতে পারবেন। লিটন ও তাসকিন টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন। সাকিব বর্তমানে জাতীয় দলের বাইরে, আর মিরাজ ও হাসান টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ নন।