ভারতের এশিয়া কাপের দলে নেই জেমিমাহ

নারী এশিয়া কাপ
জেমিমাহ রদ্রিগেজ
জেমিমাহ রদ্রিগেজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন জেমিমাহ রদ্রিগেজ। সেই চোটে নারী এশিয়া কাপ ও এশিয়ান কাপ থেকে ছিটকে গেছেন ডানহাতি এই ব্যাটার। জেমিমাহর বদলি হিসেবে ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন প্রাতিকা রাওয়াল। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

গত তিন আগষ্ট সাউদার্ন ব্রেভের জার্সিতে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোট পান জেমিমাহ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৬ ম্যাচে ১৪৩ রান করা ডানহাতি ব্যাটার চোট পাওয়ার পরই দেশে ফেরেন। ভারতে এসে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে মেডিকেল বিভাগের দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, জেমিমাহর ডান হ্যামস্ট্রিংয়ের চোট খানিকটা গুরুতর।

অর্থাৎ চোট থেকে সেরে উঠতে কিছুটা সময় লাগবে। এমন অবস্থায় নারী এশিয়া কাপে ভারতের স্কোয়াডে রাখা হয়নি তাকে। এমনকি এশিয়া কাপের পর জাপানে হতে যাওয়া এশিয়ান কাপেও খেলা হচ্ছে না তারকা ব্যাটারের। জেমিমাহর বদলি হিসেবে সুযোগ মিলেছে প্রাতিকার।

ডানহাতি ব্যাটার সুযোগ পাওয়ায় টপ অর্ডারে বিকল্প বেড়েছে ভারতের। এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা হয়নি ভারতের হয়ে এক টেস্ট এবং ২৭ ওয়ানডে খেলা প্রাতিকা। তবে এশিয়া কাপে স্মৃতি মান্ধার সঙ্গে ওপেনিং করতে পারেন শেফালি ভার্মা।

আগামী ২৮ আগষ্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠবে নারী এশিয়া কাপের আগামী আসরের। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে, ৩০ আগষ্ট। ৩ সেপ্টেম্বর পরের ম্যাচ খেলবে হংকং এর বিপক্ষে। ফাতিমা সানার পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ ৫ সেপ্টেম্বর। এশিয়া কাপকে এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে দেখছে ভারত।

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড— হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জি কমলিনী, অরুন্ধতী রেড্ডি, প্রেমা রাওয়াত, রাধা যাদব, শ্রী চারানি, রেনুকা সিং, নন্দিনী শর্মা, ক্রান্তি গৌর এবং প্রাতিকা রাওয়াল।

আরো পড়ুন: